Image description

নোয়াখালীর সদর উপজেলায় জামিনে কারামুক্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের বরণ করতে এসে ফুলের মালাসহ দলটির চার নেতাকর্মী আটক হয়েছেন। রোববার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে নোয়াখালী জেলা কারাগারের ফটক থেকে তাদের আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে এক ব্যাগ ফুলের মালা উদ্ধার করা হয়।

আটকরা হলেন সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পশ্চিম এওজবালিয়া গ্রামের মৃত শফি উল্যার ছেলে ছেরাজল হক চৌধুরী (৬৩), একই গ্রামের আজিজুল হকের ছেলে মেহেদী হাসান হৃদয় (২০), মো. বাহারের ছেলে মো. ফারুক হোসেন (১৮) ও মো. খোকনের ছেলে মো. নাজিম (১৮)। পুলিশ জানিয়েছে, তারা সবাই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ জুন জুমার নামাজের পর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধের হাট বাজারে ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে প্রায় তিন হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। ওই কর্মসূচিকে কেন্দ্র করে পুরো উপজেলা উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে।

রোববার তাদের মধ্যে কয়েকজন জামিনে মুক্তি পেলে খবর পেয়ে ফুলের মালা নিয়ে দলটির নেতাকর্মীরা জেলা কারাগারের ফটকে অবস্থান নেন। বিষয়টি জানতে পেরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ফুলের মালাসহ চারজনকে আটক করে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, স্বজনেরা জামিনে মুক্ত ব্যক্তিদের জন্য ফুলের মালা নিয়ে আসতে পারেন। কিন্তু আটক ব্যক্তিরা জামিনে মুক্তি পাওয়া ব্যক্তিদের আত্মীয়-স্বজন নন। তারা বিভিন্ন এলাকা থেকে এসে ফুলের মালা দিয়ে ছবি তোলা ও শোডাউনের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিলেন। এ কারণে তাদের আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

এমআর