লিবিয়ার পূর্বাঞ্চলীয় লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার ফউজি মানসুরি আততায়ী হামলায় নিহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) বেনগাজির হাওয়ারি এলাকায় তাঁর বাসভবনের সামনে থাকা একটি গাড়িতে রাখা বোমা বিস্ফোরণে এই ঘটনা ঘটে।
আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, লিবিয়ার স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এই হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত করে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া কোনো গোষ্ঠী এই হামলার দায়ও স্বীকার করেনি।
এই ঘটনার পর লিবিয়ার ভঙ্গুর অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট আরও প্রকট হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। ২০২০ সালে দেশটিতে দীর্ঘস্থায়ী সংঘাত অবসানের লক্ষে বড় আকারের শান্তিচুক্তি স্বাক্ষরিত হলেও বিবাদমান পক্ষগুলো এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে এখনো শত্রুতা বিদ্যমান। ফলে প্রায়ই দেশটিতে ছোট-বড় সংঘর্ষ ও গুপ্তহত্যার ঘটনা ঘটে।
ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণে দেখা যায়, দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফি ন্যাটো সমর্থিত এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই লিবিয়ায় অস্থিরতা শুরু হয়। ২০১৪ সালে লিবিয়া কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে; যেখানে এক পক্ষ পশ্চিমাঞ্চল এবং কমান্ডার খলিফা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মি (এলএনএ) পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করে আসছে।
নিহত ব্রিগেডিয়ার ফউজি মানসুরি ছিলেন খলিফা হাফতারের ঘনিষ্ঠ এবং এলএনএ-এর অন্যতম শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা। তাঁর এই মৃত্যু ওই অঞ্চলের সামরিক ও রাজনৈতিক সমীকরণে নতুন অস্থিরতা তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ডিআর




Comments