আদালতের নির্দেশ অমান্য করে জনসভা করা, পুলিশের কাজে বাধা দেওয়া এবং নির্ধারিত সময়সীমা লঙ্ঘনের অভিযোগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে কলকাতার হেস্টিংস থানায় এই মামলা রুজু করা হয়।
মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও অনুষ্ঠানের উদ্যোক্তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযোগ রয়েছে—আদালতের বেঁধে দেওয়া সময় পার হওয়ার পরও সভা চালিয়ে যাওয়া, উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করা।
কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, শুক্রবার ক্যাথিড্রাল রোডে টিএমসিপির সভার অনুমতি দেওয়া হয়েছিল দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আদালতের শর্ত ছিল, রাস্তার উত্তরমুখী লেন জনসাধারণের চলাচলের জন্য খোলা রাখতে হবে। কিন্তু পুলিশ জানায়, সভার কারণে উভয় দিকের লেনই বন্ধ হয়ে যায় এবং নির্ধারিত ৩টার পরেও কর্মসূচি শেষ হয়নি। এছাড়া সভা চলাকালীন কর্মীরা ব্যারিকেড সরিয়ে পুলিশকর্মীদের ওপর চড়াও হয় এবং ধস্তাধস্তিতে লিপ্ত হয় বলে এফআইআরে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেন, “সাবেক মুখ্যমন্ত্রী হাইকোর্টের নির্দেশ সরাসরি অমান্য করেছেন। রাস্তা খোলা রাখার নির্দেশ থাকলেও তিনি লোক ডেকে রাস্তা বন্ধ করিয়েছেন। আমি পুলিশকে বলেছি এফআইআর দায়ের করতে এবং তাঁর বিরুদ্ধে আমরা হাইকোর্টে যাব। আইন সবার জন্য সমান, কাউকে ছাড় দেওয়া হবে না।”
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে পুলিশ এই মামলা করেছে। উল্লেখ্য, এর আগে ২১ জুলাইয়ের কর্মসূচি নিয়েও আদালতের নির্দেশ অমান্যের অভিযোগে হাইকোর্ট তৃণমূলকে সতর্ক করেছিল।
ডিআর




Comments