নেপালে পাহাড়ি ঢলের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় (হড়কাবান) এখন পর্যন্ত ১৮৪ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। তবে নেপাল ট্যুরিজম বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই প্রাকৃতিক দুর্যোগে এখনো ৪২০ জন বিদেশি পর্যটকের কোনো সন্ধান মেলেনি।
শনিবার (২৯ আগস্ট) স্থানীয় সময় দুপুর দেড়টায় প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির পর্যটন কর্তৃপক্ষ।
উদ্ধার হওয়া পর্যটকদের মধ্যে সবচেয়ে বেশি ১১৪ জন ভারতীয় নাগরিক। এছাড়া অন্যান্য দেশের নাগরিকদের মধ্যে রয়েছেন চীনের ২৭ জন, দক্ষিণ কোরিয়ার ২০ জন, জার্মানির ৪ জন, মাল্টার ৪ জন, যুক্তরাষ্ট্রের ৩ জন, ইতালির ৩ জন, রাশিয়ার ২ জন, সুইজারল্যান্ডের ২ জন, তুরস্কের ২ জন এবং বুলগেরিয়া, ওমান ও পর্তুগালের ১ জন করে নাগরিক।
পর্যটন বোর্ড জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের বাইরে বেলজিয়ামের একজন এবং স্পেনের দুই নাগরিকের সঙ্গে যোগাযোগ স্থাপনের জোর চেষ্টা চালানো হচ্ছে। নেপালের দুর্গম ও পাহাড়ি এলাকাগুলোতে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ভেঙে পড়ায় নিখোঁজদের অবস্থান শনাক্ত করা এবং আটকে পড়াদের উদ্ধার করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
নিখোঁজ ৪২০ পর্যটকের সন্ধানে বিভিন্ন দেশের দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এই সংখ্যাটি আরও পরিবর্তিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে নিখোঁজদের দ্রুত খুঁজে বের করাই উদ্ধারকারী দলগুলোর প্রধান লক্ষ্য।
নেপালের পাহাড়ি ভূপ্রকৃতির কারণে ভারী বৃষ্টির ফলে প্রায়ই আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। পর্যটন মৌসুমে এই ধরনের দুর্যোগে দুর্গম এলাকায় অবস্থানরত বিদেশি পর্যটকদের নিরাপত্তা ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করা নেপাল সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ডিআর




Comments