Image description

ভারতে মুসলিমদের বসবাসের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। তিনি বলেছেন, কোনো হিন্দু যদি মনে করেন ভারতে মুসলিমদের থাকার অধিকার নেই, তাহলে তিনি হিন্দুত্বের মূল আদর্শ থেকে বিচ্যুত।

শনিবার (২৯ আগস্ট) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে মোহন ভাগবত জানান, মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময় আরএসএসের উদ্দেশ্য এবং ‘হিন্দু রাষ্ট্র’ প্রতিষ্ঠার ধারণা নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল। তাদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, ভারতে ‘হিন্দু রাষ্ট্র’ প্রতিষ্ঠিত হলে মুসলিমদের দেশ থেকে বের করে দেওয়া হবে কি না।

জবাবে আরএসএস প্রধান বলেন, হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেও মুসলিমদের ভারত থেকে বিতাড়িত করা হবে না। মুসলিমদের ভারত থেকে বের করে দেওয়ার চিন্তা হিন্দুত্ববাদের অংশ নয় বলেও মন্তব্য করেন তিনি।

মোহন ভাগবত আরও বলেন, কোনো হিন্দু যদি মনে করেন ভারতে মুসলিমদের কোনো জায়গা নেই, তাহলে তিনি আর হিন্দু থাকবেন না।

আরএসএসের প্রধানের এই বক্তব্য এমন সময়ে সামনে এলো, যখন সংগঠনটি ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির অন্যতম প্রভাবশালী শক্তি হিসেবে পরিচিত। ভারতের ক্ষমতাসীন বিজেপির সঙ্গে আরএসএসের দীর্ঘদিনের সাংগঠনিক ও রাজনৈতিক সম্পর্ক রয়েছে।

আরএসএস ভারতকে ‘হিন্দু রাষ্ট্রে’ পরিণত করার আদর্শে বিশ্বাসী। তবে সংগঠনটির রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে ভারতে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের বিষয়ে সংগঠনটির অবস্থান নিয়েও বিভিন্ন সময়ে আলোচনা-সমালোচনা হয়েছে।

নিউইয়র্কের অনুষ্ঠানে মোহন ভাগবতের উপস্থিতি নিয়েও কয়েকটি মানবাধিকার সংগঠন উদ্বেগ প্রকাশ করেছিল। তাদের অভিযোগ, আরএসএসের সঙ্গে সাম্প্রদায়িক সহিংসতা ও সংখ্যালঘুদের ওপর হামলার বিভিন্ন অভিযোগ রয়েছে।

তবে এসব বিতর্কের মধ্যেই অনুষ্ঠানে মোহন ভাগবতের বক্তব্যে মুসলিমদের ভারতীয় সমাজের অংশ হিসেবে থাকার অধিকার অস্বীকার করার ধারণার বিরোধিতা করা হয়।

সূত্র: দ্য হিন্দু

এনএ