দেশের তৃণমূল পর্যায়ের গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ব্যারিস্টার আজিজুল হক মীর। জনসেবায় নিজেকে আরও সম্পৃক্ত করা এবং বাবার রেখে যাওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিতে চান বলে জানিয়েছেন।
এরই অংশ হিসেবে শুক্রবার বিকেলে ইয়ারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জামগড়া চৌরাস্তা এলাকায় ব্যারিস্টার আজিজুল হক মীরের পক্ষে গণসংযোগ, লিফলেট বিতরণ এবং দোয়া ও সমর্থন কামনা করেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা।
গণসংযোগকালে বিভিন্ন চায়ের দোকান, পাড়া-মহল্লা ও জনসমাগমস্থলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তারা। এ সময় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর জন্য দোয়া ও সমর্থন কামনার পাশাপাশি চেয়ারম্যান নির্বাচিত হলে ইয়ারপুর ইউনিয়নকে ঘিরে তাঁর পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উচ্চশিক্ষিত ও আইন পেশার সঙ্গে সম্পৃক্ত একজন ব্যক্তির অংশগ্রহণ তৃণমূলের জনপ্রতিনিধিত্বে নতুন মাত্রা যোগ করতে পারে। তাঁদের মতে, শিক্ষাগত যোগ্যতা, নেতৃত্বের দক্ষতা ও জনসেবার মানসিকতার সমন্বয়ে একজন জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া প্রয়োজন।
তবে স্থানীয়দের ‘দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এবারই প্রথম কোনো ব্যারিস্টার পদধারী ব্যক্তি অংশ নিতে যাচ্ছেন’—এমন দাবির স্বাধীনভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ব্যারিস্টার আজিজুল হক মীর বলেন, ‘আমি এই ইউনিয়নের সন্তান। ছোটবেলা থেকেই এই এলাকার মানুষ ও তাঁদের নানা সমস্যার সঙ্গে আমার পরিচয় রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছি। আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে এলাকার সার্বিক উন্নয়নে আরও কার্যকরভাবে কাজ করতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমার লক্ষ্য হবে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক, নিরাপদ ও জনবান্ধব মডেল ইউনিয়ন গড়ে তোলা। শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা, নাগরিক সেবা ও অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চাই।’
ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সমস্যা চিহ্নিত করে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও বাসযোগ্য ইয়ারপুর ইউনিয়ন গড়ে তোলার কথাও জানান তিনি।
গণসংযোগে আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সদস্যসচিব সাইফুল ইসলাম মুন্না মুন্সী, রাজ্জাক মীর, শাহজাহান, আবুল মীর, নিজাম ফকির, থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইয়ারপুর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতার মধ্যে ব্যারিস্টার আজিজুল হক মীরের প্রার্থিতাও স্থানীয় রাজনীতিতে আলোচনায় এসেছে।
এসএ




Comments