রাঙামাটির কাপ্তাইয়ে বিশেষ অভিযান চালিয়ে বৈধ কাগজপত্রবিহীন ৩৬ বস্তা (১ হাজার ৮০০ কেজি) ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে বিজিবি। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে কাপ্তাই ব্যাটালিয়নের অধীন ঢংছড়ি বিজিবি চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশি চালানো হয়। এ সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বৈধ কাগজপত্র ছাড়াই ৩৬ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়।
বিজিবির প্রাথমিক ধারণা, উদ্ধার করা সারগুলো অবৈধভাবে মজুত অথবা পাচারের উদ্দেশ্যে অন্যত্র নেওয়া হচ্ছিল।
জব্দ করা ট্রাক ও সারের আনুমানিক বাজারমূল্য (সিজার ভ্যালু) নির্ধারণ সাপেক্ষে স্থানীয় কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধের পাশাপাশি অস্ত্র, গোলাবারুদ, মাদক ও সার পাচারের সম্ভাব্য রুট চিহ্নিত করে নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। চোরাচালান দমনে বিজিবির অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসএ




Comments