মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ
বনভূমি রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং মুরাদনগরকে সবুজায়নের লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের মধ্যে বিনামূল্যে ১০ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) দুপুর ২টায় মুরাদনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের উদ্যোগে এবং প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয় বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান এবং কুমিল্লা সামাজিক বন বিভাগের হেডকোয়ার্টার রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল হাসানের উপস্থিতিতে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের হাতে ৩১ প্রজাতির ১০ হাজার গাছের চারা তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পাভেল হাসান পাপ্পু, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আয়োজকরা জানান, সরকারের পরিবেশবান্ধব কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ কর্মসূচির আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও ব্যাপকভাবে গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে চারা রোপণের পাশাপাশি সেগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণে শিক্ষকদের সম্পৃক্ত করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা রয়েছে।
এসএ




Comments