Image description

ভারতের নয়াদিল্লিতে আওয়ামী লীগের কয়েকজন নেতাকে নিয়ে আয়োজিত একটি সেমিনার শেষ মুহূর্তে দিল্লি পুলিশের বাধায় বাতিল করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় ‘ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া’ (এফসিসি) ও বেলজিয়ামভিত্তিক ‘হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশন’-এর যৌথ উদ্যোগে ‘ইউরোপ অ্যান্ড এশিয়া: ফ্রম ডায়ালগ টু আ পার্টনারশিপ’ শীর্ষক সেমিনারটি হওয়ার কথা ছিল।

এফসিসির পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠান শুরুর আগে দিল্লি পুলিশ আয়োজকদের অনুমতি না দেওয়ায় সেমিনারটি বাতিল করতে হয়েছে। তবে কী কারণে অনুমতি প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে পুলিশ কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দেয়নি।

সেমিনারে আলোচকদের মধ্যে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদের উপস্থিত থাকার কথা ছিল। এছাড়া মানবাধিকারকর্মী, গবেষক ও বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রিসহ আরও কয়েকজনের আলোচক হিসেবে থাকার কথা ছিল।

এফসিসির সাধারণ সম্পাদক প্রকাশ নন্দ বিবিসি বাংলাকে বলেন, পুলিশ শুধু জানিয়েছে যে অনুষ্ঠানটি আয়োজনের অনুমতি নেই। তবে এর কারণ জানতে চাইলেও তারা তা জানায়নি।

তিনি আরও জানান, শুধু অনুষ্ঠান বন্ধ করেই পুলিশ থামেনি; সন্ধ্যার দিকে অনুষ্ঠানস্থলে ব্যারিকেড দেওয়া হয় এবং সেখানে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

দিল্লি পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, কোনো অনুষ্ঠানের কারণে অপ্রীতিকর পরিস্থিতি তৈরির আশঙ্কা থাকলে পুলিশ যেকোনো সময় তা বাতিল করার অধিকার রাখে। তবে এই অনুষ্ঠানের ক্ষেত্রে এমন কোনো আশঙ্কা ছিল কি না, সে বিষয়ে তিনি মন্তব্য করেননি।

এর আগে চলতি মাসের ৫ আগস্ট একই সংগঠনের আয়োজনে দিল্লিতে একটি অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তব্য দিয়েছিলেন। ওই বক্তব্যের পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়।

সাবেক কূটনীতিক ও বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, ওই ঘটনার পর ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হওয়ায় দিল্লি আওয়ামী লীগ নেতাদের নিয়ে আরেকটি প্রকাশ্য অনুষ্ঠান আয়োজনের ঝুঁকি নিতে চায়নি।

এনএ