পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে। ইউরোপের দেশ লিচেনস্টাইনের একটি রাজপরিবারের তরুণীর সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে—এমন দাবি ছড়িয়ে পড়ে।
গুঞ্জনে আরও বলা হয়, বিলাওয়ালের বাবা ও পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি পরিবারের সদস্যদের নিয়ে লিচেনস্টাইনে গিয়েছিলেন। সেখানে চলতি বছরের শেষ দিকে বিলাওয়ালের বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়েছে বলেও দাবি করা হয়।
তবে এসব তথ্যকে পুরোপুরি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে পিপিপি।
বিলাওয়ালের মুখপাত্র ও করাচির মেয়র মুর্তজা ওয়াহাব সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, বিলাওয়ালের বাগদান বা বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া খবরের কোনো সত্যতা নেই। বিলাওয়াল কিংবা তার পরিবারের পক্ষ থেকেও এমন কোনো ঘোষণা দেওয়া হয়নি।
এর আগে বিভিন্ন সময় বিয়ে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েছেন বিলাওয়াল। ২০২২ সালে পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি হেসে জানিয়েছিলেন, বিয়ে করার ইচ্ছা তার অবশ্যই আছে।
এ ছাড়া ২০১৬ সালে এক মজার ছলে বিলাওয়াল বলেছিলেন, তার হবু স্ত্রীকে আগে তার দুই বোনের মন জয় করতে হবে। আর সেটি যেকোনো মেয়ের জন্যই কঠিন কাজ হবে বলে মন্তব্য করেছিলেন তিনি।
সূত্র: জিও নিউজ
এসএস




Comments