২০১৯ সালে পাকিস্তানে আটক হয়ে আলোচনায় আসা ভারতীয় বিমানবাহিনীর সাবেক পাইলট অভিনন্দন ভর্তমান নতুন ক্যারিয়ার শুরু করেছেন। বিমানবাহিনী থেকে আগাম অবসর নিয়ে তিনি এখন বেসরকারি এয়ারলাইনসে বাণিজ্যিক পাইলট হিসেবে কাজ করছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২২ বছর বিমানবাহিনীতে দায়িত্ব পালন করা সাবেক গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন গত আগস্টে গোয়াভিত্তিক আঞ্চলিক এয়ারলাইন ফ্লাই৯১-এ যোগ দিয়েছেন।
অভিনন্দন ভর্তমান বিমানবাহিনীতে থাকাকালে ‘বীর চক্র’ পদক পেয়েছিলেন। তবে নতুন চাকরি নিয়ে তিনি এখনো কোনো মন্তব্য করেননি। ফ্লাই৯১ কর্তৃপক্ষও কর্মীদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে রাজি হয়নি।
২০২৪ সালের মার্চে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করে ফ্লাই৯১। বর্তমানে এয়ারলাইনটির ছয়টি উড়োজাহাজ রয়েছে। গোয়া ও হায়দ্রাবাদে তাদের দুটি ঘাঁটি রয়েছে।
অভিনন্দন ভর্তমান ২০১৯ সালে ভারত-পাকিস্তান উত্তেজনার সময় ব্যাপক আলোচনায় আসেন। ওই বছরের ফেব্রুয়ারিতে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় হামলায় ভারতের ৪০ জন সিআরপিএফ সদস্য নিহত হন। এর জবাবে ভারত পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায়।
এর পরদিন ভারত ও পাকিস্তানের বিমানবাহিনীর মধ্যে আকাশযুদ্ধ হয়। ওই যুদ্ধে অংশ নেন তৎকালীন উইং কমান্ডার অভিনন্দন। ভারতের দাবি, তিনি পাকিস্তানের একটি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করেন। পরে তার নিজের মিগ-২১ যুদ্ধবিমানও বিধ্বস্ত হলে তিনি পাকিস্তানের ভূখণ্ডে গিয়ে পড়েন।
পাকিস্তানি বাহিনী তাকে আটক করে তিন দিন বন্দি রাখে। ১ মার্চ রাতে তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়।
পাকিস্তান থেকে ফিরে আসার পর অভিনন্দনকে ভারতের তৃতীয় সর্বোচ্চ যুদ্ধকালীন বীরত্ব পদক ‘বীর চক্র’ দেওয়া হয়। এবার বিমানবাহিনীর চাকরি ছেড়ে বেসরকারি এয়ারলাইনসে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।
এসএস




Comments