Image description

সৌদি আরবের মদিনার সব মসজিদে নারীদের জন্য আলাদা নামাজের স্থান চালুর অনুমোদন দিয়েছে দেশটির সরকার। এখন থেকে মদিনার মসজিদগুলোতে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময় নারীদের জন্য নির্ধারিত স্থানগুলো উন্মুক্ত থাকবে। সম্প্রতি সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ আল-শেখ এই বিশেষ অনুমোদন দিয়েছেন।

নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, ঐতিহাসিক মসজিদের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকার সাধারণ ও বড় মসজিদগুলোও এই ব্যবস্থার আওতায় আসবে। আগে মদিনার অনেক মসজিদে নারীদের নামাজের স্থান কেবল জুমার নামাজ, তারাবিহ, ঈদের নামাজ কিংবা বিশেষ ব্যস্ত মৌসুমে খোলা রাখা হতো। বছরের বাকি সময়ে ওই স্থানগুলো বন্ধ থাকত। নতুন নির্দেশনার ফলে এখন থেকে নিয়মিত পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সময়ই নারীরা মসজিদে নামাজ আদায় করতে পারবেন।

এই সিদ্ধান্তের ফলে মদিনায় কেনাকাটা, চাকরি, ভ্রমণ বা অন্য প্রয়োজনে বাইরে থাকা নারীদের নামাজের জন্য আর বাড়িতে ফিরে যাওয়ার প্রয়োজন হবে না। তারা নিকটস্থ যেকোনো মসজিদে গিয়েই নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারবেন।

তবে মসজিদে নববী এই নতুন সিদ্ধান্তের আওতাভুক্ত নয়, কারণ সেখানে আগে থেকেই নারীদের জন্য সুপরিসর ও পৃথক নামাজের স্থায়ী ব্যবস্থা রয়েছে।

মসজিদগুলোতে নারীদের নির্ধারিত স্থান পরিচালনা ও সঠিক ব্যবস্থাপনার জন্য নারী মাঠকর্মীরাও দায়িত্ব পালন করছেন। ইতোমধ্যে ঐতিহাসিক মসজিদগুলোতে নারী ইবাদতকারীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ১১৫ জন নারীকে মসজিদ পরিদর্শক ও নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ডিআর