ইয়েমেনে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই পক্ষের যোদ্ধাদের পাশাপাশি বেসামরিক মানুষও রয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কয়েক ঘণ্টা ধরে এই সংঘর্ষ চলে। ইয়েমেনের সামরিক বাহিনীর তিনটি সূত্র জানিয়েছে, লড়াইয়ে সরকারি বাহিনীর ২৬ সেনা নিহত হয়েছেন।
অন্যদিকে, হুথিদের চিকিৎসা ও সামরিক সূত্রের দাবি, তাদের ৩১ যোদ্ধা নিহত হয়েছেন।
সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা তায়িজ শহরে একটি যাত্রীবাহী বাসে ক্ষেপণাস্ত্র হামলা হয়। এতে ছয় বেসামরিক মানুষ নিহত এবং আরও সাতজন আহত হন বলে স্থানীয় একটি চিকিৎসা সূত্র জানিয়েছে।
এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) হুথিদের বিভিন্ন অবস্থানে ধারাবাহিক বিমান হামলা চালায় ইয়েমেনের সরকারি বাহিনী। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আরও বেড়ে যায়।
২০২২ সালে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইয়েমেনে এটিকে অন্যতম বড় ধরনের সংঘর্ষ হিসেবে দেখা হচ্ছে।
এসএস




Comments