Image description

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসায় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর লিংওয়ালা এলাকার একটি ভবনে বিয়ের অনুষ্ঠান চলার সময় আগুন লাগে। পরে আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এতে অনুষ্ঠানে থাকা অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে যায়।

অনেকে ভবন থেকে বের হওয়ার চেষ্টা করেন। তবে সরু করিডোর ও বের হওয়ার পথ কম থাকায় অনেকেই ভেতরে আটকা পড়েন।

লিংওয়ালা এলাকার মেয়র নরবার্ট মুশিঙ্গা জানান, এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে উদ্ধার ও শনাক্তের কাজ শেষ না হওয়া পর্যন্ত নিহতের সংখ্যা চূড়ান্ত বলা যাচ্ছে না।

আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে কর্তৃপক্ষ।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন কঙ্গোর উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাকম্যাঁ শাবানি। তিনি ঘটনাটিকে মর্মান্তিক বলে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে কঙ্গোর জাতীয় রেডিও ও টেলিভিশনের ক্যামেরাম্যান গাই কিতোকো আলোমাও ছিলেন। এ ঘটনায় কিনশাসাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এসএস