ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ড্রোন ও আর্টিলারি হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। একই সঙ্গে কৃষ্ণসাগরে ইউক্রেনের দুটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ইউক্রেনের বিমানবাহিনী জানায়, শুক্রবার রাতে রাশিয়া ও ইউক্রেনের নিয়ন্ত্রিত ক্রিমিয়া উপদ্বীপ থেকে মোট ১৭৪টি ড্রোন এবং রাশিয়ার কুরস্ক অঞ্চল থেকে দুটি জিরকন অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১৪১টি ড্রোন ও অন্যান্য লক্ষ্যবস্তু ধ্বংস বা নিষ্ক্রিয় করেছে। ১৫টি এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করা হয়। এ ছাড়া নয়টি এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে।
বিমানবাহিনীর দাবি, রাশিয়ার ছোড়া জিরকন ক্ষেপণাস্ত্র দুটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি।
অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কৃষ্ণসাগরে দুটি বাণিজ্যিক জাহাজে হামলা চালাতে গেরান-৪ সিকার ড্রোন ব্যবহার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত জাহাজ দুটির একটি ইউক্রেনীয় বাল্ক ক্যারিয়ার, যা ওডেসার দিকে যাচ্ছিল। অন্যটি ওডেসা বন্দরে নোঙর করা একটি ট্যাংকার। রাশিয়ার দাবি, উভয় জাহাজে সামরিক সরঞ্জাম পরিবহন করা হচ্ছিল।
খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনিহুভভ জানান, ১৪টি এলাকায় রুশ হামলায় পাঁচজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। বালাকলিয়া ও লিপকুভাতিভকাসহ কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
খারসন অঞ্চলের গভর্নর ওলেকসান্দর প্রকুদিন বলেন, ২৫টি এলাকায় গোলাবর্ষণে তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। হামলায় আবাসিক ভবন, ব্যক্তিগত বাড়িঘর, একটি মোবাইল টাওয়ার ও গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে দনেপ্রোপেত্রোভস্ক অঞ্চলে ড্রোন, আর্টিলারি ও আকাশ থেকে নিক্ষেপ করা বোমা দিয়ে ১০টির বেশি এলাকায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেকসান্দর গানজা। এতে অন্তত দুজন আহত হয়েছেন।
এসএস




Comments