Image description

রাজধানীর কদমতলীতে শান্ত ফিলিং স্টেশনের পাশে ঠিকানা পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১টা ৩ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে রাত ১টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কদমতলীর শান্ত ফিলিং স্টেশনের পাশে প্রধান সড়কে দাঁড়িয়ে থাকা ঠিকানা পরিবহনের একটি বাসে আগুন লাগে। ওই সময় বাসের চালক ঘুমন্ত অবস্থায় ছিলেন। তবে ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, রাত ১টা ৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। রাত ১টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।