Image description

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া বড় জয় পেয়েছে। ৯৫ শতাংশের বেশি ভোট গণনা শেষে দলটি ৫৭ দশমিক ৮৩ শতাংশ ভোট পেয়েছে বলে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য জানিয়েছে। এর ফলে ৪৫০ আসনের স্টেট ডুমায় দলটি ৩৫৫টি আসন পেতে যাচ্ছে।

শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিন দিনব্যাপী এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর দেশটির প্রথম পার্লামেন্ট নির্বাচন। নির্বাচনে ভোটার উপস্থিতি প্রায় ৫৯ শতাংশ ছিল বলে রুশ নির্বাচন কমিশন জানিয়েছে।

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমায় মোট ৪৫০টি আসন। এর মধ্যে ২২৫টি দলীয় তালিকার ভিত্তিতে এবং বাকি ২২৫টি একক আসনে নির্বাচিত হন। প্রাথমিক ফলাফলে ইউনাইটেড রাশিয়ার প্রার্থীরা অধিকাংশ একক আসনেও এগিয়ে রয়েছেন।

অন্য দলগুলোর মধ্যে কমিউনিস্ট পার্টি প্রায় ১৩ দশমিক ৮১ শতাংশ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি ৮ দশমিক ৯৮ শতাংশ এবং নিউ পিপল পার্টি প্রায় ৭ দশমিক ৯৬ শতাংশ ভোট পেয়েছে। এসব দল পার্লামেন্টে গুরুত্বপূর্ণ ইস্যুতে অনেক সময় ইউনাইটেড রাশিয়ার সঙ্গে একই অবস্থানে ভোট দেয়।

নির্বাচনের আগে বেশিরভাগ যুদ্ধবিরোধী প্রার্থীকে ব্যালটে জায়গা দেওয়া হয়নি। উদারপন্থি ইয়াব্লোকো পার্টিও জাতীয় পর্যায়ে কোনো আসন পায়নি। এ কারণে নির্বাচনটি নিয়ে বিরোধী পক্ষ ও বিভিন্ন পর্যবেক্ষকের সমালোচনা রয়েছে।

এদিকে ইউক্রেন রাশিয়ার দখল করা ইউক্রেনীয় ভূখণ্ডে ভোট আয়োজনকে অবৈধ বলে নিন্দা জানিয়েছে। ক্রিমিয়া এবং দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চলের রাশিয়া-নিয়ন্ত্রিত এলাকাতেও ভোট অনুষ্ঠিত হয়েছে।

২০২১ সালের নির্বাচনে ইউনাইটেড রাশিয়া ৪৯ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে ৩২৬টি আসন পেয়েছিল। এবারের প্রাথমিক ফল অনুযায়ী দলটির আসনসংখ্যা আরও বাড়ছে। চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে পরে ঘোষণা করা হবে।

সূত্র: আল জাজিরা

এনএ