Image description

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিক্ষোভ সামনে রেখে রাজধানী ইসলামাবাদের প্রধান সড়ক ও প্রবেশপথগুলো কনটেইনার দিয়ে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

আগামী রোববার ইসলামাবাদ অভিমুখে বড় ধরনের পদযাত্রার ঘোষণা দিয়েছে পিটিআই। দলটির নেতারা জানিয়েছেন, কর্মসূচি কয়েক দিন পর্যন্ত চলতে পারে।

এএফপির প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, বিক্ষোভ ঘিরে রাজধানীতে প্রায় ২২ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পিটিআই-শাসিত খাইবার পাখতুনখোয়া প্রদেশের সঙ্গে ইসলামাবাদের প্রবেশ ও বের হওয়ার পথও বন্ধ করে দেওয়া হয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ মহাসড়ক, প্রবেশপথ ও মোড়গুলোতে দুই স্তরে কনটেইনার বসানো হয়েছে। এতে সড়ক যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গেছে এবং বিভিন্ন এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তবে কনটেইনারের ফাঁক দিয়ে মোটরসাইকেল চালকদের চলাচল করতে দেখা গেছে।

রোববারের কর্মসূচি সামনে রেখে চলতি সপ্তাহের শুরু থেকেই সরকারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এর মধ্যে ইমরান খানের তিন বোন আলিমা খান, উজমা খান ও নরিন নিয়াজিককেও আটক করা হয়েছে।

এএফপির হাতে আসা সরকারি আদেশ অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের সংগঠিত করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগে তাদের ৩০ দিনের জন্য আটক করা হয়েছে। পাঞ্জাবের জনশৃঙ্খলা রক্ষণ অধ্যাদেশের (এমপিও) আওতায় এই আটকাদেশ দেওয়া হয়।

পরিবারের সদস্যদের আটকের অভিযোগ

ইমরান খানের ছেলে সুলেমান খান অভিযোগ করেছেন, পিটিআইর বিক্ষোভ কর্মসূচি সামনে রেখে তাঁর পরিবারের ওপর ‘লজ্জাজনক’ দমন-পীড়ন চালানো হচ্ছে।

২৯ বছর বয়সী সুলেমান পশ্চিমা দেশগুলোকে পাকিস্তানের নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর দাবি, বিক্ষোভের আগে পরিবারকে ভয় দেখাতেই তিন সদস্যকে আটক করা হয়েছে।

মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ

পাকিস্তানের চলমান রাজনৈতিক সংকটের মধ্যে সংবাদমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ, ধরপাকড় এবং মৌলিক অধিকার সীমিত করার বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ জানিয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বাবু রাম পান্ত বলেন, ইমরান খানের পরিবার ও পিটিআই কর্মীদের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ তাদের স্বাধীনতা, মতপ্রকাশ এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের লঙ্ঘন।

এসএস