নিরাপত্তা পরিষদে নতুন স্থায়ী সদস্য পদের বিরোধিতা পাকিস্তানসহ ১২ দেশের
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নতুন কোনো স্থায়ী সদস্য পদ সৃষ্টির কঠোর বিরোধিতা করে একই সাথে ভেটো ক্ষমতা বিলুপ্তির পক্ষে অবস্থান নিয়েছে পাকিস্তান, তুরস্ক, ইতালি ও দক্ষিণ কোরিয়াসহ ১২টি দেশের সমন্বয়ে গঠিত শক্তিশালী জোট 'ইউনাইটিং ফর কনসেনসাস' (ইউএফসি)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে দেওয়া এক যৌথ বিবৃতিতে জোটটি তাদের এই সুনির্দিষ্ট অবস্থান স্পষ্ট করে। বিবৃতিতে নতুন স্থায়ী সদস্য পদ তৈরির পরিবর্তে নিরাপত্তা পরিষদে অস্থায়ী বা নির্বাচিত সদস্য সংখ্যা বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের তথ্য অনুযায়ী, আর্জেন্টিনা, কানাডা, কলম্বিয়া, কোস্টারিকা, ইতালি, মাল্টা, মেক্সিকো, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, সান মারিনো, স্পেন ও তুরস্কের সমন্বয়ে গঠিত ‘ইউনাইটিং ফর কনসেনসাস’ (ইউএফসি) জোটের প্রতিনিধিরা সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে এ যৌথ অবস্থান ঘোষণা করেন।
যৌথ বিবৃতিতে বলা হয়, "আমাদের অভিন্ন ও প্রধান লক্ষ্য হলো এমন একটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গড়ে তোলা, যা আরও সার্বজনীন প্রতিনিধিত্বশীল, গণতান্ত্রিক, স্বচ্ছ, সর্বস্তরে জবাবদিহিমূলক এবং বর্তমান বিশ্বব্যবস্থার নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলায় অধিক কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।" নির্বাচিত সদস্য সংখ্যা বৃদ্ধি করা হলে তা রাষ্ট্রের 'সার্বভৌম সমতার নীতি' অক্ষুণ্ণ রেখে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সবচেয়ে বেশি সহায়তা করবে বলে জোটটি অভিমত প্রকাশ করে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, নির্বাচিত বা অস্থায়ী সদস্য সংখ্যা বাড়ানোই আফ্রিকার মতো ঐতিহাসিকভাবে কম প্রতিনিধিত্ব পাওয়া অঞ্চলের বৈষম্য দূর করার একমাত্র ন্যায়সংগত ও গণতান্ত্রিক উপায়। একইভাবে এশিয়া-প্যাসিফিক, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলসহ অন্যান্য উপেক্ষিত অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। ইউএফসি জোট স্পষ্ট ভাষায় জানায়, তারা নিরাপত্তা পরিষদে 'নতুন কোনো স্থায়ী সদস্যপদ সৃষ্টির কঠোর বিরোধী'।
নিরাপত্তা পরিষদের বহুল বিতর্কিত ভেটো ক্ষমতা প্রসঙ্গে ১২ দেশের এই জোট স্পষ্ট করে জানায়, তারা নিরাপত্তা পরিষদের ভেটো ব্যবস্থা পুরোপুরি বিলুপ্ত করার পক্ষে। তবে চূড়ান্ত বিলোপের আগ পর্যন্ত অন্তত সুনির্দিষ্ট ও গুরুতর পরিস্থিতিতে ভেটোর ব্যবহার সীমিত করতে অবিলম্বে যৌথ পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়। বিশেষ করে গণ নৃশংসতা, মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধ রোধের মতো স্পর্শকাতর ক্ষেত্রে ভেটো দেওয়া বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়। এ ক্ষেত্রে ভেটোর ব্যবহার সীমিত করার লক্ষ্যে ইতোমধ্যে গৃহীত ‘ফ্রাঙ্কো-মেক্সিকান ইনিশিয়েটিভ’ এবং ‘অ্যাক্ট কোড অব কনডাক্ট’-এর ইতিবাচক উদ্যোগগুলো উল্লেখ করা হয়।
একই সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সংস্কার সংক্রান্ত আন্তঃসরকারি আলোচনা বা ইন্টারগভর্নমেন্টাল নেগোশিয়েশনস (আইজিএন) প্রক্রিয়ার প্রতি নিজেদের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে জোটটি। তারা এটিকে সংস্কার আলোচনার একমাত্র বৈধ ও সর্বজনগ্রাহ্য প্ল্যাটফর্ম হিসেবে অবিহিত করে সংলাপ ও সমঝোতার ভিত্তিতে দ্রুত কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে।
ডিআর




Comments