জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে পরিবারের দীর্ঘ রাজনৈতিক ও কূটনৈতিক ধারাবাহিকতায় নতুন অধ্যায় যুক্ত করলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পর বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ বিতর্কে ভাষণ দেন তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে দেওয়া ভাষণে প্রথমবারের মতো সম্পূর্ণ বাংলায় বক্তব্য রাখেন তারেক রহমান। নিজের বক্তব্যে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, মানবাধিকার, ন্যায়বিচার, বিশ্বশান্তি ও দেশের মানুষের প্রত্যাশার কথা তুলে ধরেন।
নিউইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে সাধারণ পরিষদ হলে বক্তব্যের শুরুতেই পারিবারিক স্মৃতির কথা উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, এই বিশ্বমঞ্চে দাঁড়িয়েই তার বাবা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশ ও জনগণের পক্ষে বক্তব্য রেখেছিলেন। একইভাবে তিনিও দেশের জনগণের স্বার্থে এবং শান্তিময় বিশ্ব গড়ার প্রত্যাশায় জাতিসংঘে দাঁড়িয়েছেন।
তার ভাষণে বাংলাদেশের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক অগ্রাধিকারও উঠে আসে। জলবায়ু পরিবর্তন, বিশ্বশান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, মানবিক সংকট এবং রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন তিনি।
চার দশকের পারিবারিক ধারাবাহিকতা
জাতিসংঘের সাধারণ পরিষদের সঙ্গে তারেক রহমানের পরিবারের সম্পৃক্ততার ইতিহাস চার দশকেরও বেশি পুরোনো।
১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে ভাষণ দেন তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওই বক্তব্যে তিনি ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে বৈষম্য, দারিদ্র্য ও ক্ষুধা, অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে শান্তি, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারভিত্তিক বিশ্ব প্রতিষ্ঠার আহ্বান জানান।
এর ১৩ বছর পর ১৯৯৩ সালের ১ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে ভাষণ দেন তারেক রহমানের মা ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
জাতিসংঘের নথি অনুযায়ী, ১৯৯৩ থেকে ২০০৫ সালের মধ্যে খালেদা জিয়া মোট পাঁচবার সাধারণ পরিষদের বিভিন্ন অধিবেশনে বক্তব্য দেন। এর বাইরে ১৯৯৫ সালে জাতিসংঘের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ সভা, ২০০২ সালে শিশু বিষয়ক ২৭তম বিশেষ অধিবেশন এবং ২০০৫ সালে ৬০তম অধিবেশন চলাকালে আয়োজিত দুটি পৃথক সভাতেও তিনি বক্তব্য রাখেন।
বাবা ও মায়ের পর এবার সন্তান হিসেবে তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার মধ্য দিয়ে পরিবারটির সঙ্গে এই বিশ্বমঞ্চের দীর্ঘ সম্পর্কের নতুন অধ্যায় যুক্ত হলো।
এসএ




Comments