Image description

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান সংঘাতকে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও জাতীয় দায়িত্ব হিসেবে ঘোষণা করেছেন সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় নেতা- গ্র্যান্ড মুফতি শেখ সালিহ বিন ফাওজান আল-ফাওজান। একই সঙ্গে হুথিদের ক্ষমতা থেকে সরানো পর্যন্ত লড়াই চালিয়ে যেতে সৌদি সেনাদের জীবন উৎসর্গের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সৌদি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিরল বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

বিবৃতিতে কোরআনের আয়াত ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বাণীর আলোকে দেশ ও পবিত্র স্থানগুলোর প্রতিরক্ষাকে ধর্মীয় দায়িত্ব হিসেবে তুলে ধরে গ্র্যান্ড মুফতি।

তিনি বলেন, ‘এই মহান দেশকে রক্ষা করা... এবং এর এক ইঞ্চি ভূখণ্ডেও হাত দেওয়ার চেষ্টাকারীকে শাস্তি দেওয়া সর্বশ্রেষ্ঠ কর্তব্য ও ভক্তির সবচেয়ে পুণ্যময় ইবাদতগুলোর মধ্যে অন্যতম, যার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনে জীবন ও আত্মা উৎসর্গ করা যেতে পারে।’

গ্র্যান্ড মুফতি আরও বলেন, সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের কর্তৃত্ব পুরো দেশে প্রতিষ্ঠা করা জরুরি। সীমান্তে অবস্থানরত সেনাদের দায়িত্ব পালনের জন্য সর্বদা প্রস্তুত থাকতে, শাসক ও সামরিক কমান্ডারদের নির্দেশ মেনে চলতে এবং নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করতে তিনি আহ্বান জানান।

বিবৃতিতে হুথিদের সম্পূর্ণ পরাজয় এবং তাদের সহযোগী ও সমর্থকদের বিরুদ্ধে বিজয়ের জন্যও প্রার্থনা করেন মুফতি শেখ সালেহ।

তিনি বলেন, ‘আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আপনাদেরকে (ইয়েমেনের সরকারি বাহিনী) তার পূর্ণ সমর্থন দান করেন এবং আমাদের দেশ ও প্রিয় ইয়েমেনকে সকল ক্ষতি থেকে রক্ষা করেন। আমরা আরও প্রার্থনা করি, তিনি যেন হুথি গোষ্ঠী এবং যারা তাদের সাহায্য ও সমর্থন করে, তাদের সম্পূর্ণ পরাজয় ঘটান’।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সম্মুখভাগে কর্মরত ভাইয়েরা (সৌদি সেনা), আপনাদের ওপর এই কর্তব্য আরোপিত হয়েছে যে, আপনারা আপনাদের দায়িত্ব পালনের জন্য সর্বদা প্রস্তুত থাকবেন, শাসক ও সেনাপতিদের আনুগত্য এবং সর্বোচ্চ নির্ভুলতার সঙ্গে আদেশ পালন করবেন, যেমনটি সর্বশক্তিমান আল্লাহ তার নবীর সাহাবীদেরকে করতে আদেশ দিয়েছিলেন।’

প্রসঙ্গত, সাধারণত রাজনৈতিক বা সামরিক বিষয়ে গ্র্যান্ড মুফতির পক্ষ থেকে এমন সরাসরি বক্তব্য আসে না। তিনি মূলত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইসলামী আইন বা শরীয়াহর ব্যাখ্যা প্রদান এবং ধর্মীয় বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা ফতোয়া জারি করেন। ফলে হুথিদের নিয়ে গ্র্যান্ড মুফতির পক্ষ থেকে এই বিবৃতি আসা একটি বিরল ঘটনা।

সূত্র: আরব নিউজ

এনএ