নেপালে ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। আবহাওয়া ও সার্বিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয় সময় রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক সতর্কবার্তায় এ পরামর্শ দেয়।
সতর্কবার্তায় বলা হয়, নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। পরিস্থিতি বিবেচনায় আবহাওয়া ও সার্বিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত এসব এলাকায় ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
বিশেষ করে পিসাং, চামে, মানাং ও আশপাশের পর্যটন এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে দূতাবাস। অব্যাহত বৃষ্টিপাত, ভূমিধস ও তুষারপাতের কারণে অনেক স্থানে সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। দুর্গম ভূপ্রকৃতি ও যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতায় উদ্ধার কার্যক্রমও কঠিন হয়ে পড়েছে।
দূতাবাস জানায়, নেপালের কর্তৃপক্ষ ইতোমধ্যে মানাংয়ের বিভিন্ন এলাকায় ট্রেকিং স্থগিত করেছে। এর মধ্যে রয়েছে তিলিচো লেক, থরং লা পাস, আইস লেক, কাং লা ও ভীমথাং।
এ ছাড়া ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ ও ট্রেকিং গন্তব্যে যাতায়াত ব্যাহত হওয়ায় পোখারা ও আশপাশের এলাকায় ভ্রমণের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। মুস্তাং, জমসমসহ অন্যান্য পার্বত্য এলাকায় যাওয়ার আগে গান্দাকি প্রদেশের সড়ক যোগাযোগ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এসব এলাকার সড়ক যোগাযোগ যেকোনো সময় বিঘ্নিত হতে পারে।
বাংলাদেশি নাগরিকদের অন্নপূর্ণা, মানাং, মুস্তাং ও মানাসলুসহ বিভিন্ন পার্বত্য ও ভূমিধসপ্রবণ এলাকায় ট্রেকিং, পর্বতারোহণ ও ভ্রমণের পরিকল্পনা করার আগে সর্বশেষ পরিস্থিতি যাচাই করতে বলেছে দূতাবাস। পাশাপাশি নেপাল সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।
ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদ স্থানে থাকার, নদীর তীর ও ভূমিধসপ্রবণ এলাকা এড়িয়ে চলার এবং যাত্রার আগে সড়ক ও আবহাওয়ার পরিস্থিতি যাচাই করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ট্রাভেল অপারেটর ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখতেও বলা হয়েছে।
দূতাবাস জানিয়েছে, তারা নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী সময়ে হালনাগাদ তথ্য প্রকাশ করা হবে।
এসএস




Comments