Image description

উত্তর ইসরায়েলের কাফর কারা এলাকার কাছে ৬৫ নম্বর হাইওয়ের পাশে একটি হালকা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত এবং একজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুর্ঘটনাটি ঘটে বলে ইসরায়েলি ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটির বরাতে তথ্য নিশ্চিত করেছে 'জেরুজালেম পোস্ট'।

ইসরায়েলের জরুরি চিকিৎসাসেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদোম (এমডিএ) জানিয়েছে, দুর্ঘটনার পরপরই বিমানের ভেতর একজন আরোহী আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিস সদস্যরা তাঁর মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনায় ৩৪ বছর বয়সী অপর এক ব্যক্তি দগ্ধ ও আহত হলে তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে মাঝারি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।

হাদেরা ফায়ার স্টেশনের কর্মীরা জানান, আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিমানটিতে তীব্র আগুন ধরে যায় এবং তা দ্রুত পাশের বসতবাড়ির দিকে ছড়িয়ে পড়তে শুরু করে। উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বিমানটি একটি প্রশিক্ষণ ফ্লাইটে ছিল বলে পরবর্তীতে নিশ্চিত হওয়া গেছে।

দুর্ঘটনার পর নিরাপত্তা ও উদ্ধারকাজের সুবিধার্থে ইসরায়েল পুলিশ ৬৫ নম্বর হাইওয়ে দিয়ে সব ধরনের যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

ডিআর