ত্রিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলকে ৩০ রানের বড় ব্যবধানে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। বল ও ব্যাটে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচজুড়ে জয়ের মূল কারিগর ছিলেন নিশিতা আক্তার নিশি। অন্যদিকে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে জয় সহজ করেছেন অধিনায়ক সাদিয়া আক্তার।
ফয়সালাবাদে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। তবে ইনিংসের শুরুতেই দুই ওপেনার মাইমুনা নাহার (০) ও অচেনা জান্নাত ইমান্তাকে (৬) দ্রুত হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে টাইগ্রেসরা।
প্রাথমিক ধাক্কা সামাল দিতে ক্রিজে প্রতিরোধ গড়ে তোলেন নিশিতা আক্তার ও অধিনায়ক সাদিয়া। নিশিতা ২৩ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে স্থিতিশীলতা দেন। অন্যদিকে অধিনায়ক সাদিয়া দায়িত্বশীল ও আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ২৫ বলে দলীয় সর্বোচ্চ ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। শেষদিকে শ্রাবণী শীলের ১২ রানে ভরকরে বাংলাদেশ সম্মানজনক সংগ্রহ দাঁড় করায়।
জবাব দিতে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং আক্রমণের মুখে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ৮৭ রানের বেশি তুলতে পারেনি পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ওপেনার রাভাইল ফারহান (১৭) ও কোমল খান (২৯) প্রথম উইকেটে ২১ রানের জুটি গড়ে শুরুর ইঙ্গিত দিলেও মধ্যভাগে টাইগ্রেস বোলারদের দাপটে তা ভেস্তে যায়। জোফিসান আয়ান ১২ রান করলেও অন্য কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলিং স্পেল উপহার দেন নিশিতা আক্তার নিশি। তিনি ৪ ওভার বল করে মাত্র ১৬ রান খরচায় তুলে নেন মূল্যবান ২টি উইকেট। নিশিতার অলরাউন্ড ঝলক এবং ক্যাপ্টেন সাদিয়ার দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করেই সিরিজের প্রথম ম্যাচে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।
ডিআর




Comments