Image description

ইরানের রাজধানী তেহরানের সড়ক ও বিভিন্ন গুরুত্বপুর্ণ চত্বরের দেয়ালে দেয়ালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে বিশাল বিশাল সব বিলবোর্ড সাঁটানো হয়েছে। একই সঙ্গে মার্কিন সামরিক সক্ষমতাকে খাটো করে এক ইরানি সেনার বুটের নিচে মার্কিন ড্রোনকে পিষ্ট হওয়ার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান তীব্র ভূরাজনৈতিক সংঘাতের এক দৃশ্যমান মনস্তাত্ত্বিক আখ্যান তুলে ধরেছে এসব বিলবোর্ড।

আন্তর্জাতিক সংবাদসংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের প্রাণকেন্দ্র ও ব্যস্ততম ‘ভালিয়াসার চত্বর’-এর মতো স্থানগুলোতে বিপুল সংখ্যক পথচারীর সমাগমকে লক্ষ্য করে এসব যুক্তরাষ্ট্রবিরোধী ও ব্যঙ্গাত্মক বার্তা সংবলিত বিশাল বিলবোর্ড স্থাপন করা হয়েছে।

‘খানাহ-ই-তাররাহান’ বা ‘ডিজাইনার্স হাউস’ নামের একটি রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত বিশেষ ডিজিটাল স্টুডিও ট্রাম্পের ঠোঁট সেলাই করা ও মুখ বন্ধ অবস্থার একটি বিশাল চিত্র তৈরি করেছে। বিশ্ব জাবানিজ বাণিজ্যের কৌশলগত পথ হরমুজ প্রণালীকে পটভূমিতে রেখে তৈরি এ বিলবোর্ডে ফারসি ও ইংরেজিতে লেখা রয়েছে—‘অ্যাট দ্য ব্রেকিং পয়েন্ট’।

স্টুডিওটির ৩২ বছর বয়সি ব্যবস্থাপক মোস্তফা কাফায়ি জানান, আন্তর্জাতিক বা আঞ্চলিক রাজনীতিতে বড় কোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই তাঁদের বিশেষ মনিটরিং ও ক্রিয়েটিভ টিম তৎক্ষণাৎ সক্রিয় হয়ে ওঠে। ফটোশপ ছাড়াও দ্রুত ও নিখুঁত গ্রাফিক্স তৈরির জন্য তাঁরা চ্যাটজিপিটি ও ন্যানো ব্যানানার মতো আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে থাকে। মাত্র কয়েক দিনের ব্যবধানেই একেকটি পূর্ণাঙ্গ বিলবোর্ড প্রস্তুত করে রাস্তায় টাঙিয়ে দেওয়া হয়।

অন্য একটি বিশেষ বিলবোর্ডে ট্রাম্পকে এক জাদুকরের বাক্সের ভেতর বন্দি অবস্থায় উপস্থাপন করা হয়েছে, যেখানে তাঁর হাতে কোকা-কোলা ও হ্যামবার্গার এবং গায়ে লেখা রয়েছে—‘চোখের পলক ফেললেই আপনি গায়েব!’ এটি মূলত তুরস্কে ঘটে যাওয়া একটি আন্তর্জাতিক সংবাদের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করে বানানো।

এ ছাড়া সম্প্রতি ইসলামি রিভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) কর্তৃক হরমুজ প্রণালীতে মার্কিন ড্রোন জব্দের ঘটনার ওপর ভিত্তি করে তৈরি আরেকটি বিলবোর্ডে দেখা যায়, এক ইরানি সেনার বুটের নিচে পিষ্ট হচ্ছে মার্কিন ড্রোন, আর নিচে লেখা—‘ব্যবসা ভালোই চলছে।’ অন্য একটি বিলবোর্ডে উত্তাল সমুদ্রে জ্বলন্ত মার্কিন যুদ্ধজাহাজের সামনে দাঁড়িয়ে থাকা এক পৌরাণিক যোদ্ধার ছবির সঙ্গে লেখা রয়েছে, ‘শয়তানের সেনাবাহিনী আরব উপসাগরে ডুবে মরবে।’

ট্রাম্পকে কেন বারবার বিলবোর্ডের মূখ্য চরিত্র করা হচ্ছে—এমন প্রশ্নে ডিজাইনার্স হাউসের প্রতিনিধিরা জানান, ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত মিডিয়াকেন্দ্ৰিক ও চটকদার একজন ব্যক্তিত্ব। ফলে সংবাদমাধ্যমে তাঁর নীতিগত বা রাজনৈতিক পদক্ষেপগুলোর দৃশ্যমান ও মোক্ষম জবাব দিতে তাঁকেই পোস্টারে নিয়ে আসা হয়।

ডিআর