ব্রাজিলের নির্বাচনকে ‘ভারতের নির্বাচন’ আখ্যা দিয়ে ট্রাম্পের ট্রুথ সোশ্যাল পোস্ট
লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনকে ভারতের বলে ভুল দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে এক বড় ধরনের বিভ্রান্তি ছড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (৫ অক্টোবর) নিজের মালিকানাধীন সামাজিক প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে ভুলবশত তিনি দাবি করেন, ভারতের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় ১২ কোটি ৫০ লাখ মানুষ ভোট দিয়েছেন।
নিজের পোস্টে ব্রাজিলের দ্রুত ভোট গণনার সঙ্গে যুক্তরাষ্ট্রের ভোট গণনার গতির তুলনা করতে গিয়ে নাম বিভ্রাটে পড়েন ট্রাম্প। তিনি লেখেন, "ভারতের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বে আজ ১২ কোটি ৫০ লাখ মানুষ ভোট দিয়েছেন। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই একই দিনে ফলাফল প্রকাশ করা হয়েছে! অথচ ডেট্রয়েট, ফিলডেলফিয়া, ক্যালিফোর্নিয়া এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য শহর ও অঙ্গরাজ্যে অনেক কম সংখ্যা হওয়া সত্ত্বেও ফলাফল বের করতে প্রায়ই কয়েক সপ্তাহ লেগে যায়।" একই সঙ্গে তিনি মার্কিন নির্বাচনী ব্যবস্থাকে "দুর্নীতিগ্রস্ত" বলেও অভিযুক্ত করেন।
উল্লেখ্য, গত রোববার (৪ অক্টোবর) ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ সম্পন্ন হয়, যেখানে প্রায় ১২ কোটি ৪৫ লাখ ভোটার ভোট দেন। সেই ভোটার সংখ্যার পরিসংখ্যান উল্লেখ করতে গিয়ে ট্রাম্প 'ব্রাজিল'-এর স্থানে 'ভারত' লিখে বসেন। এছাড়া ভারতে সরাসরি সাধারণ জনগণের ভোটে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় না—সংবিধান অনুযায়ী সংসদ সদস্য ও বিধায়কদের প্রত্যক্ষ ভোটে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
রোববারের ভোটে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী সিনেটর ফ্লাভিও বলসোনারো এবং বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কেউই বিজয়ের জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশের বেশি ভোট পাননি। প্রায় ৯৯ শতাংশ ভোট গণনা শেষে ট্রাম্পঘনিষ্ঠ প্রার্থী ফ্লাভিও বলসোনারো ৪৭.১৮ শতাংশ ভোট পেয়ে সামান্য এগিয়ে থাকেন এবং বর্তমান প্রেসিডেন্ট লুলা পান ৪৪.৯৮ শতাংশ ভোট। প্রথম পর্বে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় দফায় (রানঅফ) পুনরায় মুখোমুখি হবেন তারা।
ডিআর




Comments