Image description

ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান ও তাঁর ছেলে মাদারীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আসিবুর রহমানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (০৫ অক্টোবর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবীর এই গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে গ্রেফতার দেখানোর প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

মামলার নথিসূত্রে জানা যায়, আসামি আসিবুর রহমান নিয়মিত আয়করদাতা হলেও তাঁর নামে মোট ১১ কোটি ৭৯ লাখ ৫ হাজার ২৪৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের সন্ধান মেলে। তবে অনুসন্ধানে তাঁর গ্রহণযোগ্য আয়ের বৈধ উৎস পাওয়া গেছে মাত্র ১ কোটি ৮৯ লাখ ৯৯ হাজার ১৮৩ টাকার। ফলে তাঁর অর্জিত সম্পদের মধ্যে ৯ কোটি ৮৯ লাখ ৫ হাজার ৬৮৫ টাকার সম্পদ জ্ঞাত আয়বহির্ভূত ও অসঙ্গতিপূর্ণ বলে দুদকের তদন্তে প্রমাণিত হয়।

মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহার করেন। তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অসদুপায়ে উপার্জিত অর্থ দিয়ে ছেলে আসিবুর রহমানের নামে এসব বিশাল অঙ্কের স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনে সরাসরি সহায়তা করেছেন। এ ঘটনায় গত ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি দুদকের উপপরিচালক কমলেশ মন্ডল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) শাহজাহান খানকে গ্রেপ্তার করে। এরপর থেকে বিভিন্ন মামলায় তিনি কারাগারে আটক রয়েছেন।

ডিআর