যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরান যুদ্ধের শুরুতে দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার সিদ্ধান্তটি একটি বড় ধরণের 'ভুল' ছিল বলে মন্তব্য করেছেন ইসরাইলের বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির প্রধান ইয়ার গোলান।
ইসরাইলের তেল আবিবের দক্ষিণাঞ্চলীয় শহর রিশন লেজিওনে একটি আয়োজনে সাক্ষাৎকার দেওয়ার সময় ইয়ার গোলান এসব কথা বলেন। শুক্রবার (০৯ অক্টোবর) ইসরাইলি সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অব ইসরাইল’-এর এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।
ইয়ার গোলান বলেন, “আমি দ্ব্যর্থহীনভাবে মনে করি, খামেনির মতো ব্যক্তিত্বকে হত্যা করাটা ভুল ছিল। তিনি মরার যোগ্য ছিলেন না—বিষয়টি এমন নয়; আসল কথা হলো সিদ্ধান্তটি ইসরাইল রাষ্ট্রের দীর্ঘমেয়াদী স্বার্থের অনুকূলে যায়নি।”
তিনি এ সময় মনে করিয়ে দেন যে ৮৬ বছর বয়সী খামেনির মৃত্যুর পর তাঁর ছেলে মোজতবা খামেনি ক্ষমতা গ্রহণ করেছেন, যার ফলে ইরান এখন আরও উগ্র, কঠোর ও সহিংস শক্তিনীতি ধারণকারী নেতৃত্বের হাতে চলে গেছে।
একই সাথে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে গোলান বলেন, “ইরানের বিদ্যমান সরকার পতনের যে অবাস্তব লক্ষ্য নেতানিয়াহু ঠিক করেছিলেন, তা শেষ পর্যন্ত অর্জিত হয়নি।”
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। জবাবে তেহরানও মধ্যপ্রাচ্যজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পাশাপাশি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট ‘হরমুজ প্রণাল’ বন্ধ করে দেয়। এতে বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট ও উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় সংঘাত স্থগিত ও আলোচনার পরিবেশ তৈরি করতে জুন মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
ডিআর




Comments