Image description

সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রচার ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারে নৈতিকতা, দায়িত্বশীলতা এবং তথ্যের সত্যতা যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করেছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস।

শুক্রবার (৯ অক্টোবর) জুমার খুতবায় তিনি আধুনিক প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার এবং তথ্যের সত্যতা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। প্রযুক্তি মানুষের জন্য নিয়ামত হলেও এর অনৈতিক ব্যবহার ব্যক্তি, সমাজ ও অর্থনীতির ক্ষতির কারণ হতে পারে বলে সতর্ক করেন তিনি।

খুতবায় এআই ব্যবহার করে কারও কণ্ঠস্বর, ছবি বা ভিডিও বিকৃত করে বিভ্রান্তি সৃষ্টি এবং প্রতারণার বিষয়ে সতর্ক করা হয়। বিশেষ করে, ভুয়া ভিডিও ও ডিপফেকের মাধ্যমে মানুষের মধ্যে ভুল ধারণা ছড়িয়ে দেওয়াকে প্রযুক্তির অপব্যবহারের অন্যতম উদাহরণ হিসেবে তুলে ধরা হয়।

তথ্য প্রচারের ক্ষেত্রেও সতর্কতার ওপর গুরুত্ব দেওয়া হয়। কোরআনের নির্দেশনার আলোকে কোনো সংবাদ বা তথ্য ছড়িয়ে দেওয়ার আগে তা যাচাই করে নেওয়া জরুরি। যাচাই ছাড়াই তথ্য শেয়ার করলে অসত্য ও বিভ্রান্তি ছড়ানোর ক্ষেত্রে কেউ নিজের অজান্তেই ভূমিকা রাখতে পারেন।

খুতবায় আরও বলা হয়, বর্তমানে সংবাদ প্রচার, কর্মক্ষেত্র ও ব্যক্তিগত যোগাযোগে এআইয়ের ব্যবহার বাড়ছে। এ পরিস্থিতিতে প্রযুক্তির সুবিধা গ্রহণের পাশাপাশি সত্যনিষ্ঠা, স্বচ্ছতা ও নৈতিকতা বজায় রাখার দায়িত্বও বাড়ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রকাশ বা শেয়ার করার আগে তার উৎস ও নির্ভরযোগ্যতা যাচাই করা জরুরি।

প্রযুক্তির অগ্রগতির এই সময়ে এআই যেন প্রতারণা, অপতথ্য ও মানুষের ক্ষতির মাধ্যম না হয়, সে জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠান—উভয় পর্যায়েই সচেতনতা এবং দায়িত্বশীল চর্চার প্রয়োজনীয়তা তুলে ধরেন মসজিদুল হারামের খতিব।

সূত্র: দ্য গেট টু হারামাইন

এনএ