ভারতের ভোটাধিকার ও সংবিধান রক্ষার দাবিতে আগামী সোমবার (১২ অক্টোবর) দিল্লিতে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল বলেছেন, মোদি পতনের দ্বারপ্রান্তে রয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) কেরালার আলপ্পুঝায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিক্ষোভ কর্মসূচির কথা জানান কে সি বেণুগোপাল।
তিনি বলেন, সংবিধানের সুরক্ষা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার আন্দোলনের অংশ হিসেবেই রাজধানীতে এ বিক্ষোভের আয়োজন করা হচ্ছে। এ বিষয়ে উদ্বেগ জানাতে সম্প্রতি জোটের নেতারা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার ভারতের প্রধান বিচারপতির সঙ্গেও তাঁদের সাক্ষাতের কথা রয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সুরক্ষা দেওয়ার ‘অপচেষ্টার’ অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সমালোচনা করেন বেণুগোপাল। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনারকে আড়াল করার এই প্রক্রিয়াই মোদি ও শাহের পতনের কারণ হবে।’
মোদি সরকারের রাজনৈতিক অবস্থান নিয়েও মন্তব্য করেন কংগ্রেসের এই নেতা। তাঁর ভাষায়, ‘প্রধানমন্ত্রী মোদির আচরণ দেখে মনে হচ্ছে, তিনি পতনের দ্বারপ্রান্তে রয়েছেন। বিরোধীদের আন্দোলনকে তিনি ভয় পাচ্ছেন।’
এদিকে, ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভকে কেন্দ্র করে শনিবার দিল্লিতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন, মেট্রো স্টেশনে বিধিনিষেধ এবং রেল চলাচলে বিঘ্নের খবর পাওয়া গেছে। এসব পদক্ষেপ নিয়ে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে।
সূত্র: রেডিফ
এনএ




Comments