Image description

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিক্ষক এবং সন্দেহভাজন হামলাকারীও রয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক শিশু ও এক শিক্ষক।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেন্ড শহরের সিলভার রেল এলিমেন্টারি স্কুলে এ হামলা হয়। পুলিশ জানায়, নিহত তিন শিশুর বয়স ৫, ৮ ও ১১ বছর। আহত ৭ বছর বয়সি শিশু ও ৫৪ বছর বয়সি শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের সন্দেহ, ১৬ বছর বয়সি এক কিশোর হামলাটি চালিয়েছে। বিদ্যালয়ের তালাবদ্ধ দরজায় গুলি করে সে ভেতরে প্রবেশ করে। পরে এক স্থানীয় ব্যক্তি তাকে ধাওয়া করে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হামলার কারণ এবং ওই কিশোরের সঙ্গে বিদ্যালয়টির কোনো পূর্বসম্পর্ক ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এসএস