যুক্তরাষ্ট্রের কারাগারগুলোতে বন্দীদের ইসলাম ধর্ম গ্রহণের ঘটনা নতুন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। তীব্র নিঃসঙ্গতা, মানসিক অস্থিরতা ও অনিশ্চিত জীবনের অন্ধকার অধ্যায়ে ইসলামের সুনির্দিষ্ট শিক্ষা, আত্মসংযম, ইবাদত ও শৃঙ্খলার মধ্য দিয়ে অসংখ্য বন্দী নতুন করে বাঁচার প্রেরণা খুঁজে পাচ্ছেন।
যুক্তরাষ্ট্রের সাধারণ জনসংখ্যার আনুমানিক ১ শতাংশ মুসলিম হলেও দেশের কারাগারগুলোতে এই হার দৃশ্যমানভাবে অনেক বেশি। ২০১৯ সালে নাগরিক অধিকার সংস্থা ‘মুসলিম অ্যাডভোকেটস’-এর প্রতিবেদনে দেখা যায়, দেশটির রাজ্যভিত্তিক (স্টেট) কারাগারগুলোতে মুসলিম বন্দীদের হার প্রায় ৯ শতাংশ এবং ফেডারেল কারাগারগুলোতে তা প্রায় ১২ শতাংশ।
এর আগে ২০১২ সালে পিউ রিসার্চ সেন্টারের (Pew Research Center) এক বিস্তৃত জরিপে ৫০টি অঙ্গরাজ্যের ১,৪৭৪ জন পেশাদার কারা-যাজকের ৭৭ শতাংশ জানান, তাঁদের কারাগারে ধর্ম পরিবর্তনের ঘটনা অহরহ ঘটছে। ধর্ম পরিবর্তন দেখা যাজকদের মধ্যে ৫১ শতাংশ নিশ্চিত করেন যে, তাঁদের কারাগারে মুসলিম বন্দীদের উপস্থিতি ক্রমেই বাড়ছে।
প্রতিবছর ঠিক কতজন মার্কিন বন্দী ইসলাম গ্রহণ করেন, তার কোনো সুনির্দিষ্ট বা নির্ভরযোগ্য জাতীয় পরিসংখ্যান নেই। তবে বিভিন্ন গবেষণা বই ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই সংখ্যা প্রতিবছর ৩০ থেকে ৪০ হাজারের মতো হতে পারে বলে ধারণা করা হয়।
কারাবন্দীদের ধর্মীয় সেবা প্রদানকারী আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ‘তাইবা ফাউন্ডেশন’-এর পরিচালক জানান, তাঁদের সেবাপ্রাপ্ত ১৩ হাজারেরও বেশি বন্দীর মধ্যে প্রায় ৯০ শতাংশই কারাগারে থাকা অবস্থায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
কারাগারের অন্ধকার পরিবেশে বন্দীদের ইসলামের প্রতি আকর্ষণের পেছনে একাধিক সামাজিক ও মানসিক কারণ উঠে এসেছে:
দৈনন্দিন জীবনযাপন ও শৃঙ্খলা: দিনে পাঁচ ওয়াক্ত সালাত আদায় এবং সিয়াম সাধনার মতো নিয়মিত অনুশাসন বন্দীদের বিশৃঙ্খল জীবনে শৃঙ্খলা ও আত্মসংযম ফিরিয়ে আনছে।
ভ্রাতৃত্ব ও মানসিক সমর্থন: জামাতে সালাত আদায় এবং সহবন্দীদের সঙ্গে কুরআন-হাদিসের চর্চা কারাগারের চরম একালাপ ও হতাশায় গভীর ভ্রাতৃত্ববোধ ও মানসিক ভরসা জোগায়।
আত্মসমালোচনা ও নতুন জীবনের সুযোগ: ধর্মীয় শিক্ষা বন্দীদের অতীতের অপরাধবোধ কাটিয়ে নতুন জীবন গড়ার অনুপ্রেরণা দেয়।
পিউ রিসার্চের জরিপ অনুযায়ী, ৭৩ শতাংশ কারা-যাজকই বিশ্বাস করেন—বন্দীদের সফল সামাজিক পুনর্বাসনের জন্য ধর্মভিত্তিক বিভিন্ন কর্মসূচির সুযোগ থাকা অত্যন্ত জরুরি। সুনির্দিষ্ট জাতীয় পরিসংখ্যান না থাকলেও তথ্য বিশ্লেষণ বলছে, যুক্তরাষ্ট্রের কারাগারগুলোতে অপরাধমূলক জীবন ছেড়ে ইসলামের দিকে ঝুঁকে পড়ার এই ধারা দিন দিন আরও শক্তিশালী হচ্ছে।
ডিআর




Comments