স্পেনের তোলেদো প্রদেশে দুটি উচ্চগতির (হাই-স্পিড) ট্রেনের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে প্রাণহানি বেড়ে অন্তত ৬৪ জনে পৌঁছেছে। ভয়াবহ এই দুর্ঘটনার প্রাথমিক তদন্ত ও অনুসন্ধানে প্রযুক্তিগত সংকেতের ত্রুটির পাশাপাশি ‘মানবিক ভুল’ বা মানবত্রুটিকে (Human Error) সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
বুধবার (২৮ অক্টোবর) দেশটির কাস্তিয়া লা মাঞ্চা অঞ্চলের তোলেদো প্রদেশে মাদ্রিদ থেকে সেভিলগামী কৌশলগত রুটটিতে মর্মান্তিক এই বিপর্যয় ঘটে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, স্পেনের রাষ্ট্রীয় রেল অবকাঠামো পরিচালনাকারী সংস্থা ‘আদিফ’ (Adif) নিশ্চিত করেছে যে দুর্ঘটনাটি স্থানীয় সময় সকাল ৯টার দিকে ঘটে। রাষ্ট্রীয় রেল সংস্থা ‘রেনফে’ (Renfe)-র একটি দ্রুতগতির এভিই (AVE) ট্রেন একই লাইনে দাঁড়িয়ে থাকা ‘ইরিও’ (Iryo) কোম্পানির অপর একটি ট্রেনের পেছনে প্রচণ্ড গতিতে ধাক্কা দেয়।
সংঘর্ষের তীব্রতায় দুটি ট্রেনেরই একাধিক বগি লাইনচ্যুত হয়ে রেলপথের পাশের গভীর ঢাল বেয়ে নিচে গড়িয়ে পড়ে। কাস্তিয়া লা মাঞ্চা অঞ্চলের সরকারি মুখপাত্র এস্থার পাদিল্লা জানান, দুর্ঘটনার সময় রেনফের ট্রেনটিতে ৩৯৭ জন এবং ইরিওর ট্রেনটিতে ১৪৭ জনসহ মোট ৫৪৪ জন যাত্রী ছিলেন। ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনের বরাতে এনডিটিভি জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে সিগন্যালিং ব্যবস্থা ও কারিগরি দায়িত্বে নিয়োজিত কর্মীর গাফিলতির তথ্য উঠে এসেছে। রেলপথের সংকেত ব্যবস্থার একটি ত্রুটি মেরামতের দায়িত্বে থাকা কর্মী বিপরীত দিক থেকে বা একই লাইনে থাকা ইরিওর ট্রেনটি সম্পর্কে দ্রুতগতির এভিই ট্রেনটিকে সময়মতো সতর্ক করতে ব্যর্থ হন।
তবে স্পেন রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হতে উচ্চপর্যায়ের তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইরিও কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তারা জরুরি নিরাপত্তাব্যবস্থা চালুর পাশাপাশি তদন্তে সর্বোচ্চ সহযোগিতা করছে।
স্পেনের অন্যতম আধুনিক দ্রুতগতির রেল নেটওয়ার্কে চলতি ২০২৬ সালে এটি দ্বিতীয় বড় মর্মান্তিক দুর্ঘটনা। এর আগে গত জানুয়ারি মাসে আদামুজ এলাকায় একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে ৪৫ জন নিহত হয়েছিলেন।
তোলেদোর এই হৃদয়বিদারক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি বলেন, তোলেদোর ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সেবার কর্মীরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন।
ডিআর




Comments