Image description

বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা জোরদার, অর্থনৈতিক বিনিয়োগ বৃদ্ধি এবং কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে মোট চারটি সমঝোতা স্মারক (MoU), দুটি অনুদান চুক্তি (Grant Agreement) এবং একটি অভিপ্রায়পত্র (Letter of Intent) আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর ) বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকালে টোকিওতে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই করা হয়।

জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির (Sanae Takaichi) বিশেষ আমন্ত্রণে গত সোমবার (২৬ অক্টোবর) চার দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরের মধ্য দিয়ে এশিয়ার অন্যতম শীর্ষ অর্থনৈতিক পরাশক্তি জাপানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও কূটনৈতিক বন্ধন আরও এক ধাপ এগিয়ে গেল।

সফরে দুই দেশের মধ্যকার পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। স্বাক্ষরিত অনুদান চুক্তি ও সমঝোতা স্মারকগুলোর আওতায় বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামোগত খাতে জাপানি সহায়তার নতুন পথ উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

ডিআর