যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে একটি ব্যক্তিগত জেট বিমান বিধ্বস্ত হয়ে চালকসহ ৯ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থল থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বাসভবন মার-এ-লাগোর দূরত্ব মাত্র ৯ মাইল।
শনিবার (১ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) তথ্য অনুযায়ী, বিমানটি টেক্সাসের অস্টিনের বার্গস্ট্রম বিমানবন্দর থেকে বাহামাসের উদ্দেশে যাত্রা করেছিল।
এফএএ জানায়, ৯ জন আরোহী নিয়ে ব্যক্তিগত জেটটি দক্ষিণ ফ্লোরিডার পাম বিচ শহরের ক্রেস্টহেভেন এলাকার একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায় এবং সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।
এ ঘটনায় এফএএ ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে তদন্ত শুরু করবে। তদন্তের নেতৃত্ব দেবে এনটিএসবি।
এদিকে দুর্ঘটনার পর জরুরি উদ্ধারকারী দল ক্রেস্টহেভেন বুলেভার্ড ও ১০ম অ্যাভিনিউ নর্থের মধ্যবর্তী মিলিটারি ট্রেইল সড়ক বন্ধ করে দিয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানটিকে দ্রুতগতিতে নিচের দিকে নামতে দেখা যায়। এরপর বিকট বিস্ফোরণের মতো শব্দের সঙ্গে আকাশে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে।
বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, লিয়ারজেট মডেলের বিমানটি স্থানীয় সময় বিকেল ৩টা ৩৭ মিনিটে অস্টিন থেকে বাহামাসের উদ্দেশে উড্ডয়ন করে। বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি প্রায় ৪১ হাজার ফুট উচ্চতায় অবস্থান করছিল।
তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
সূত্র: ফক্স নিউজ
বিএইচ




Comments