Image description

ইরানের শীর্ষ নেতাদের হত্যার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র হয়তো কিছুটা বেশিই বাড়াবাড়ি করে ফেলেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির বেশ কয়েকজন শীর্ষ নেতা ও সামরিক কমান্ডার নিহত হওয়ার প্রেক্ষাপটে এমন মন্তব্য করলেন তিনি।

স্থানীয় সময় রোববার (১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের ডুবুকিউতে এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এ মন্তব্য করেন।

জনসভায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের নৌবাহিনী ও বিমানবাহিনী ধ্বংস করে দিয়েছে। দেশটির বিমান প্রতিরক্ষা রাডারও ধ্বংস করা হয়েছে। পাশাপাশি ইরানের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে। তবে নেতাদের হত্যার ক্ষেত্রে হয়তো তারা একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছেন, যা নিয়ে কেউ কথা বলে না।

এ সময় ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পক্ষেও সাফাই গান ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্র এ যুদ্ধ শুরু করেনি, বরং ইরানই আগে থেকে যুদ্ধ শুরু করেছে। এখন যুক্তরাষ্ট্র সেই যুদ্ধের সমাপ্তি ঘটাচ্ছে।

ট্রাম্প বলেন, বিশ্বের এক নম্বর সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক দেশ থেকে তিনি যুক্তরাষ্ট্রকে রক্ষা করেছেন। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকেই ইরান যুক্তরাষ্ট্রের ওপর হামলা চালিয়ে আসছে বলেও অভিযোগ করেন তিনি।

এ ছাড়া ২০০০ সালে ইয়েমেনের এডেন উপকূলে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস কোলে হামলার জন্য ইরানকে দায়ী করেন ট্রাম্প। তবে ওই হামলার দায় আল-কায়েদা স্বীকার করেছিল।

ইরাকে সড়কের পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে মার্কিন সেনাদের মৃত্যুর জন্যও ইরানকে দায়ী করেন তিনি। এসব হামলার প্রতিশোধ হিসেবে ২০২০ সালে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার কথা উল্লেখ করেন ট্রাম্প। তিনি সোলাইমানিকে ‘রাস্তার পাশের বোমার জনক’ বলেও অভিহিত করেন।

উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারিতে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন কাসেম সোলাইমানি। সে সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প।

জনসভায় ট্রাম্প আবারও দাবি করেন, ইরান আগে থেকেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল। তিনি বলেন, ‘তারা এ যুদ্ধ শুরু করেছে। আমরা শুরু করিনি। আমরা যুদ্ধটি শেষ করছি। আমরা তাদের খুব শোচনীয়ভাবে হারাচ্ছি।’

সূত্র: আলজাজিরা

বিএইচ