Image description

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল মেনে নিয়ে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। বুধবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেন তিনি। এর মধ্য দিয়ে নির্বাচনের ফলাফল প্রশ্নবিদ্ধ করার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রচেষ্টা বাধার মুখে পড়েছে।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে নেতানিয়াহু ও তাঁর মিত্ররা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারান। ১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। কিন্তু নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন।

অন্যদিকে বিরোধী নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট পেয়েছে ৪৮টি আসন। আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে ১৯টি আসন। ফলে নতুন সরকার গঠন নিয়ে দেশটিতে তৈরি হয়েছে ভিন্ন রাজনৈতিক সমীকরণ।

বুধবার রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দিনের আলোচনা শেষ করেন প্রেসিডেন্ট হারজগ। বৃহস্পতিবারও এ আলোচনা চলার কথা রয়েছে। প্রেসিডেন্ট জানিয়েছেন, বিভিন্ন দলের প্রতিনিধিরা পরবর্তী সরকার গঠনের দায়িত্ব কাকে দেওয়া উচিত, সে বিষয়ে তাঁদের সুপারিশ জানিয়েছেন।

নেতানিয়াহুর ধর্মীয় ও জাতীয়তাবাদী রাজনৈতিক বলয়ের তিনটি দল তাঁকেই সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পক্ষে মত দিয়েছে। তবে নেতানিয়াহুর সাবেক মিত্র থেকে প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা একটি দল সমর্থন জানিয়েছে আইজেনকোটকে।

আইজেনকোটের অবস্থান নিয়ে নতুন সমীকরণ তৈরি হয়েছে আরব নেতৃত্বাধীন দল রা’আমের সমর্থনে। দলটি তাঁকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের হিসাব অনুযায়ী, এতে আইজেনকোটের পক্ষে সমর্থন ৫৬ আসনে পৌঁছাতে পারে। অন্য আরব দল জয়েন্ট লিস্টের ১১ আসনের সমর্থন পেলে তিনি প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেন।

অন্যদিকে নেতানিয়াহুর শিবিরেও রয়েছে অনিশ্চয়তা। কট্টরপন্থী ইহুদি দল দেগেল হা তোরা জানিয়েছে, তারা কোনো প্রার্থীর পক্ষেই সুপারিশ করবে না। সামরিক বাহিনীতে অতি-গোঁড়া ইহুদি তরুণদের বাধ্যতামূলক নিয়োগ থেকে অব্যাহতি দেওয়ার আইন পাসে নেতানিয়াহুর জোট ব্যর্থ হওয়ায় দলটি তাঁর ওপর ক্ষুব্ধ।

আলোচনা শেষে প্রেসিডেন্ট হারজগ যাঁকে সরকার গঠনের উপযুক্ত মনে করবেন, তাঁকেই দায়িত্ব দেবেন। মনোনীত প্রার্থী সরকার গঠনের জন্য ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানো হতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে কেউ সরকার গঠনে ব্যর্থ হলে আগামী বছরের শুরুতে আবার নির্বাচন হতে পারে।

এদিকে নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে নেতানিয়াহু ও তাঁর সমর্থকেরা আরব নেতৃত্বাধীন দলগুলোর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ করেছিলেন। তবে তদন্ত শেষে দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনের ফলাফল বা স্বচ্ছতা ক্ষুণ্ন হয়েছে—এমন কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি।

নতুন নির্বাচন এড়াতে প্রেসিডেন্ট হারজগ রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ইসরায়েলের ফিলিস্তিনি সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে বর্ণবাদী বক্তব্যের নিন্দা জানিয়েছেন তিনি। হারজগ বলেন, দেশটির প্রায় ২০ শতাংশ জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী এই সম্প্রদায়ের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা রয়েছে।

সূত্র: আল-জাজিরা