Image description

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের দুটি মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২ আগস্ট) চট্টগ্রামের একটি আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে আসামিদের আদালতে হাজির করে দুই মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, শুনানি শেষে আদালত হত্যা ও অস্ত্র আইনের দুটি মামলায় পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৯ জুলাই ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোর সীমান্ত থেকে ডেভিড ইমনকে চার সহযোগীসহ গ্রেপ্তার করা হয়। পরে তাকে চট্টগ্রামে এনে সংশ্লিষ্ট মামলায় আদালতে হাজির করা হয়।

পুলিশ জানিয়েছে, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ অন্তত ১৩টি মামলা রয়েছে। এসব মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের জন্য তার রিমান্ড প্রয়োজন বলে আদালতে আবেদন করা হয়।