টাঙ্গাইলে গৃহবধূ স্বপ্না হত্যা মামলায় তার স্বামী শাহিনুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান এবং নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক আ.ন.ম. ইলিয়াস এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি।
দণ্ডপ্রাপ্ত শাহিনুর রহমান বাসাইল উপজেলার ছামাদ মিয়ার ছেলে।
মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে শাহিনুর রহমানের সঙ্গে স্বপ্নার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত।
২০১৯ সালের ৫ অক্টোবর ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহিনুর রহমান স্বপ্নাকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে মামলায় অভিযোগ করা হয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় স্বপ্নাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত স্বপ্নার বাবা বাদী হয়ে বাসাইল থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত শাহিনুর রহমানকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন।
এসএস




Comments