Image description

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এক বিচারকের মন্তব্যের অভিযোগকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বিচারকের খাস কামরার দরজার কাঁচ ভাঙচুরের ঘটনা ঘটেছে।

রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের দ্বিতীয় ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পরিদর্শক (অভিযান) আব্দুর রউফ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব বাবর আলী রুমন বলেন, ২০২৩ সালের একটি বিস্ফোরক মামলায় তিনি ও দলের কয়েকজন নেতাকর্মী আসামি। রোববার মামলায় হাজির হয়ে তারা জামিনের আবেদন করেন এবং আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

বাবরের অভিযোগ, জামিন মঞ্জুরের পর বিচারক তাদের উদ্দেশে বলেন, ‘দুই ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই। আপনাদের সরকার। আগের সরকারই তো ভালো ছিল।’

এ মন্তব্যের প্রতিবাদে আদালত থেকে বের হয়ে নেতাকর্মীরা সড়কে বিক্ষোভ করেন এবং বিচারককে প্রত্যাহারে ৭২ ঘণ্টার সময়সীমা দেন বলে জানান তিনি।

তবে বিচারকের খাস কামরার দরজায় ভাঙচুরের ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন বাবর। তার দাবি, আদালতের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলেই জড়িতদের শনাক্ত করা সম্ভব।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু হাসিব বলেন, কিছু ব্যক্তি আদালত চত্বরে জড়ো হয়ে পরিস্থিতি উত্তপ্ত করেন। একপর্যায়ে তারা বিচারকের খাস কামরার সামনে জড়ো হয়ে দরজায় ভাঙচুর করেন। ঘটনাটিকে তিনি উদ্বেগজনক বলে মন্তব্য করেন।

পুলিশের পরিদর্শক আব্দুর রউফ বলেন, আদালতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিক্ষোভের কারণে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে আদালত কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।