পুরান ঢাকার সদরঘাট এলাকায় দুই পক্ষের হামলা-পাল্টা হামলায় মিতুল (২০) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সদরঘাটের ইস্ট বেঙ্গল মার্কেটে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই মার্কেটে ছোট ছোট কয়েকটি তৈরি পোশাক কারখানা রয়েছে। এসব কারখানার শ্রমিকদের মধ্যে বেশ কয়েকদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে মারামারি হয়। শনিবার রাতে ফের দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।
এ সময় কাপড় কাটার কাঁচির আঘাতে মিতুলসহ কয়েকজন আহত হন। পরে তাদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিতুলকে মৃত ঘোষণা করেন।
মিতুলের রাজনৈতিক কোনো পরিচয় রয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এদিকে মিতুল নিহত হওয়ার প্রতিবাদে শনিবার রাতেই স্থানীয় স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মী বিক্ষোভ মিছিল করেন। তারা স্থানীয় যুবদলের কয়েকজনের বিরুদ্ধে স্লোগান দেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো পর্যালোচনা করা হচ্ছে।
এসএস




Comments