রাজধানীর ডেমরায় অভিযান চালিয়ে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে বোমা ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করে। এ ঘটনায় নব্য জেএমবির দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যার পর ডেমরার গরীবের নেওয়াজ মসজিদ রোড মোড় এলাকায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) যৌথ অভিযান শুরু হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. জুয়েল ভূঞা ওরফে ‘ওস্তাদ জুয়েল’ (২৬) ও আরিফ (২৫)। পুলিশ জানিয়েছে, তারা নব্য জেএমবির সদস্য।
পুলিশ জানায়, অভিযানের একপর্যায়ে নিঝুমবাগ তালেব আলী মসজিদসংলগ্ন গিরিঙ্গির মোড়ে আল্লাহর দান মায়ের দোয়া এন্টারপ্রাইজের পাশে একটি টেইলার্স থেকে কালো স্কচটেপে মোড়ানো প্রায় ছয় ইঞ্চি লম্বা দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে ডেমরা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে বস্তু দুটি নিষ্ক্রিয় করেন।
একই এলাকায় মামুন নামে আরও একজনকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসি ও এটিইউর একটি বিশেষ দল নিঝুমবাগ এলাকায় যৌথ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এক যুবককে তল্লাশি করে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়।
তিনি বলেন, উদ্ধার করা আলামত ও গ্রেফতার ব্যক্তিদের ডেমরা থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ওসি আরও বলেন, বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
এসএস




Comments