ইয়াবা কারবারের অভিযোগে ঢাকার পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় ওয়াসিম (২৪) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার রাতে রাজধানীর উত্তরার আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে দক্ষিণখান থানা পুলিশ।
দক্ষিণখান থানার ওসি মো. ফইমউদ্দিন জানান, আজমপুর কাঁচাবাজার এলাকায় পুলিশের অভিযান চলাকালে ওয়াসিম পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে তল্লাশি চালিয়ে ৫০টি ইয়াবা উদ্ধার করা হয়।
ওয়াসিমের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে এএসআই শফিকুল ইসলামকে ২০০টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, এরপর গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্য অনুযায়ী আজমপুর কাঁচাবাজারের বিসমিল্লাহ পল্লীর ৬৭ নম্বর নূর বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখানে আরও ৫ হাজার ১১০টি ইয়াবা পাওয়া যায়।
মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই শাহিনুর রহমান জানান, এ ঘটনায় সোমবার দক্ষিণখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দক্ষিণখান ও আশপাশের এলাকায় ইয়াবা বিক্রির কথা স্বীকার করেছেন।
এদিকে এএসআই শফিকুল ইসলামের বিষয়ে পল্লবী থানার ওসি হাসান বশির বলেন, প্রায় দুই মাস আগে শফিকুল পল্লবী থানায় যোগ দেন। তবে যোগ দেওয়ার পর থেকে তিনি থানায় দায়িত্ব পালন করেননি।
ওসি বলেন, ‘তাকে অনুপস্থিত দেখিয়ে গত জুনেই আমরা থানা থেকে প্রতিবেদন দিয়েছিলাম। সে ভালো নয়।’




Comments