Image description

ঢাকার সাভারের আশুলিয়ায় পাঁচ বছরের শিশু আব্দুর রহমান তাসিন হত্যাকাণ্ডের ঘটনায় সাইফুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সাইফুল শিশু তাসিনকে হত্যার কথা স্বীকার করেছেন।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) জাহাঙ্গীর আলম।

পুলিশ জানায়, গত ১৯ আগস্ট সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আশুলিয়া থানার পুলিশ ভাদাইল এলাকার একটি ভবনের ছাদ থেকে বস্তাবন্দি অবস্থায় শিশু আব্দুর রহমান তাসিনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে পাওয়া বিভিন্ন আলামতের ভিত্তিতে সাইফুল ইসলামকে সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে নিহত শিশুর মরদেহের সঙ্গে পাওয়া আলামতের সঙ্গে সামঞ্জস্য খুঁজতে সাইফুলের কক্ষ তল্লাশি করা হয়। এ সময় তার দেখানো লাল রঙের একটি শপিং ব্যাগ, দুই টুকরা ইলাস্টিক এবং ঘরের মেঝে ও খাটের নিচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা চাল উদ্ধার করা হয়। পুলিশ বলছে, নিহত তাসিনের মুখের ভেতরেও চাল পাওয়া গিয়েছিল।

পরবর্তীতে সাইফুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ শেষে দুই দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সাইফুল শিশু আব্দুর রহমান তাসিনকে হত্যার কথা স্বীকার করেন। পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বের আক্রোশের জেরে শিশুটিকে হত্যা করা হয়েছে।

তবে নিহত শিশুর বাবা শহিদ মিয়া দাবি করেছেন, সাইফুল ইসলামের সঙ্গে তার কোনো শত্রুতা ছিল না। বরং তারা একসঙ্গেই চলাফেরা করতেন।

শিশু তাসিন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সাইফুলকে জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে হত্যার প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসএস