ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগষ্ট) নগরীর টাউন হল মোড়ের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন।
বক্তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও মানবতার কল্যাণে তাঁর অবদানের কথা তুলে ধরেন। মহানবীর (সা.) আদর্শ অনুসরণ করে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার বলেন, মহানবীর (সা.) জীবন ও আদর্শ শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। তাঁর ধৈর্য, সততা ও ক্ষমার শিক্ষা আজও গুরুত্বপূর্ণ।
রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান মহানবীর জীবনী থেকে শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধের শিক্ষা নেওয়ার আহ্বান জানান। জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, মহানবীর আদর্শে অনুপ্রাণিত হয়ে শান্তিপূর্ণ সমাজ গঠন করা সবার দায়িত্ব। পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান মহানবী (সা.)-এর আদর্শে উজ্জীবিত হয়ে সবাইকে খারাপ কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন বলেন,মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবন আদর্শই সেরা জীবন আদর্শ। কেউ যদি তার জীবনকে অনুসরণ অনুকরণ করে চলতে পারে তাহলে ইহকাল পরকাল দু-কালেই শান্তি পাবে। অনুষ্ঠানে অংশ নেওয়া আলেম-উলামা ও ধর্মপ্রাণ নাগরিকদের ধন্যবাদ জানান। ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজনে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসএস




Comments