Image description

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও কওমি মাদরাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী পীর সাহেব দেওনা বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি ও হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর মধ্যে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার করা হলেও হেফাজতের আলেম-ওলামা ও নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা এখনও বহাল রয়েছে।

বুধবার (২৬ আগস্ট) কিশোরগঞ্জের কটিয়াদী উচ্চ বিদ্যালয় মাঠে হেফাজতে ইসলাম বাংলাদেশের শানে রেসালাত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব দেওনা বলেন, একই সময়ে রাজনৈতিক ও আন্দোলনকেন্দ্রিক বিভিন্ন ঘটনায় বিএনপি ও হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। ইতোমধ্যে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা হলেও হেফাজতের আলেম-ওলামাদের বিরুদ্ধে করা মামলাগুলো এখনও প্রত্যাহার করা হয়নি। এসব মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান তিনি।

শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে প্রচলিত শিক্ষাব্যবস্থার বিভিন্ন উদ্যোগের বিরুদ্ধে আলেম-ওলামারা প্রতিবাদ ও আন্দোলন করেছিলেন। তাদের আন্দোলনের মুখে সরকার কিছু উদ্যোগ বন্ধ করতে বাধ্য হয়েছিল। কিন্তু বর্তমানে শিক্ষাব্যবস্থায় নাচ-গানসহ বিভিন্ন বিষয় যুক্ত করা হচ্ছে।

এ প্রসঙ্গে তিনি প্রশ্ন রেখে বলেন, ‘আপনারা কি দলবাজি করছেন?’

মাল্টিমিডিয়া মোবাইল ফোনের অবাধ ব্যবহারের কারণে যুবসমাজ ধ্বংসের মুখে চলে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়ে সরকারের নজর দেওয়া প্রয়োজন বলে উল্লেখ করেন পীর সাহেব দেওনা।

 এনএ