Image description

চাঁদপুরে গ্রাহকদের স্বর্ণ ও টাকা আত্মসাতের অভিযোগে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে কারাগারে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় তার স্ত্রী ও দুই সন্তানের জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় তাদের পিন্টুর বাবা সুনীল দাসের জিম্মায় দিয়েছে পুলিশ।

চাঁদপুর শহরের আখন্দ মার্কেটের এস কে জুয়েলার্সের মালিক পিন্টু দাসের বিরুদ্ধে সাতজন গ্রাহকের স্বর্ণ ও টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। গ্রাহকদের অভিযোগ, তারা টাকা নিয়ে তাদের কাছে স্বর্ণের গয়না বন্ধক রেখেছিলেন। পরে টাকা ফেরত দিলেও পিন্টু গয়না ফেরত দেননি।

গত ১৯ আগস্ট রাতে পিন্টু দোকান ও বাসায় তালা দিয়ে পরিবারের সদস্যদের নিয়ে চলে যান। পরে গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের খুঁজতে শুরু করে। শুক্রবার ভোরে চট্টগ্রামের পটিয়া থেকে পিন্টু ও তার পরিবারের সদস্যদের উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে পিন্টু ২৫ লাখ টাকার বেশি অর্থ ও গ্রাহকদের স্বর্ণ আত্মসাতের কথা স্বীকার করেছেন। পরে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ জানান, মামলাটি তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে আত্মসাৎ করা স্বর্ণ ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

এসএস