পোশাক কারখানা ল্যাভেন্ডার গ্রুপের চেয়ারম্যানের এক কোটি টাকা চুরির ঘটনায় ব্যক্তিগত গাড়িচালক জাহিদ হাসানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৯৭ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার অন্য দুজন হলেন ঝিনাইদহ সদর উপজেলার কাঞ্চননগরের দাউদ হোসেনের ছেলে মো. আক্তারুজ্জামান (৫১) ও জাহিদের স্ত্রী নাসিমা আক্তার (২৪)।
পুলিশ জানায়, গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জের ক্যাডেট ক্লাবের সামনে চীনা ব্যবসায়ীর ব্যক্তিগত গাড়ি থেকে এক কোটি টাকা নিয়ে পালিয়ে যান জাহিদ। ওই টাকা ল্যাভেন্ডার ফ্যাশন লিমিটেডের শ্রমিকদের বেতন ও অন্যান্য খরচের জন্য বহন করা হচ্ছিল।
টাকা নিয়ে পালানোর পর চীনা ব্যবসায়ীর মোবাইলে একটি খুদে বার্তা পাঠান জাহিদ। সেখানে তিনি দুঃখ প্রকাশ করে লেখেন, তাকে ভুলে যেতে। পাশাপাশি গাড়িটি একটি কফি শপের পার্কিংয়ে রেখে যাওয়ার কথাও জানান। বার্তায় তিনি দাবি করেন, জীবনে কারও বিশ্বাস ভঙ্গ করেননি, তবে পরিস্থিতির কারণে তাকে এ কাজ করতে হয়েছে।
এ ঘটনায় ল্যাভেন্ডার ফ্যাশন লিমিটেডের প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) আকরামুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন।
গাজীপুরের শিল্প পুলিশের এসপি মো. আমজাদ হোসাইন জানান, মামলা হওয়ার পর শিল্প পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে বিভিন্ন স্থানে অভিযান চালায়। একপর্যায়ে ঝিনাইদহ সদরের একটি বাসা থেকে জাহিদকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৮৬ লাখ টাকা উদ্ধার করা হয়।
পরে জাহিদের দেওয়া তথ্যের ভিত্তিতে তার মামা আক্তারুজ্জামানকে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে আরও এক লাখ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া জাহিদের স্ত্রী নাসিমা আক্তারের বাসা থেকে উদ্ধার করা হয় ১০ লাখ টাকা।
পুলিশের হিসাবে, তিনজনের কাছ থেকে মোট ৯৭ লাখ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধারে অভিযান চলছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ জানিয়েছেন, চুরি করা টাকার মধ্যে এক লাখ ২০ হাজার টাকা খরচ করেছেন। এর মধ্যে নতুন বাসা ভাড়া নেওয়া, আসবাবপত্র কেনা এবং ৩৩ হাজার টাকা দিয়ে একটি মোবাইল ফোন কেনার কথা জানিয়েছেন তিনি। পুলিশ ওই আসবাবপত্র ও মোবাইল ফোনও জব্দ করেছে।
শিল্প পুলিশের এসপি আমজাদ হোসাইন বলেন, এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে। উদ্ধার করা টাকা ও গ্রেপ্তারদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এসএস




Comments