বাংলাদেশে গত কয়েক মাস ধরে চলছে তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরম। এই অসহনীয় গরমে একটু স্বস্তির খোঁজে অফিস কিংবা বাসা—সবখানেই এখন আমাদের প্রধান ভরসা এয়ার কন্ডিশনার (এসি)। কিন্তু নিয়মিত ত্বকের যত্ন নেওয়ার পরও কি আপনার ত্বক হঠাৎ শুষ্ক, খসখসে বা উজ্জ্বলতা হারিয়ে ফেলছে? চর্মরোগ বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত এসি ব্যবহারই হতে পারে আপনার ত্বকের এই প্রাণহীন অবস্থার অন্যতম প্রধান কারণ।
বিশেষজ্ঞদের মতে, এসি চলাকালীন ঘরের ভেতরের বাতাসের সমস্ত আর্দ্রতা শুষে নেয়। ফলে বাইরের ভ্যাপসা গরমের আর্দ্র আবহাওয়ার বিপরীতে এসির ভেতরের বাতাস হয়ে পড়ে মাত্রাতিরিক্ত শুষ্ক। এমন পরিবেশে দীর্ঘক্ষণ থাকলে ত্বকের নিজস্ব আর্দ্রতা অত্যন্ত দ্রুত বাষ্পীভূত হতে শুরু করে, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় ‘ট্রান্সেপিডার্মাল ওয়াটার লস’। এর ফলে ত্বক তার স্বাভাবিক কোমলতা হারিয়ে ফেলে এবং অকালে বলিরেখা পড়ার ঝুঁকি বাড়ে।
বাংলাদেশের আবহাওয়ায় অনেকেরই ত্বক তৈলাক্ত হয়। তারা মনে করেন, এসিতে ত্বক ভালো থাকছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। এসির বাতাসে কেবল ত্বক শুষ্কই হয় না, বরং তা ‘পানিশূন্য’ (Dehydrated) হয়ে পড়ে। অনেক সময় দেখা যায়, দিনের শেষে মুখ তৈলাক্ত মনে হলেও ভেতরের চামড়া বেশ টানটান ও অস্বস্তিকর লাগে। এটি স্পষ্টত নির্দেশ করে যে, এসির বাতাস আপনার ত্বকের অভ্যন্তরীণ আর্দ্রতার স্তরটি ক্ষতিগ্রস্ত করেছে।
বিশেষ করে যারা সারাদিন শীতাতপ নিয়ন্ত্রিত অফিসে কাজ করেন কিংবা রাতে এসি ছাড়া ঘুমাতে পারেন না, তারা এই সমস্যায় সবচেয়ে বেশি ভোগেন। মুখ ধোয়ার পর ত্বক অস্বাভাবিক টানটান লাগা, চেহারার উজ্জ্বলতা হারিয়ে কালচে ভাব চলে আসা কিংবা ঠোঁট ও পায়ের গোড়ালি ফেটে যাওয়া হলো এসি-জনিত ত্বকের পানিশূন্যতার প্রাথমিক লক্ষণ।
এই গরমে এসি ব্যবহারের পাশাপাশি ত্বকের সুরক্ষায় চিকিৎসকদের পরামর্শ:
১. কোমল ক্লিনজার: ত্বক পরিষ্কার করতে কড়া সাবানের বদলে সবসময় কোমল বা মাইল্ড ক্লিনজার ব্যবহার করুন।
২. ভিজে ত্বকে ময়েশ্চারাইজার: মুখ ধোয়ার পর ত্বক পুরোপুরি শুকানোর আগেই ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এটি ত্বকের ভেতরে পানি আটকে রাখতে সাহায্য করে।
৩. পর্যাপ্ত পানি পান: এসি রুমে থাকলে পানির তৃষ্ণা কম পায়, কিন্তু শরীর পানিশূন্য হয়ে যায়। তাই নিয়মিত বিরতিতে প্রচুর পানি ও তরল খাবার গ্রহণ করুন।
৪. লিপবাম ও সানস্ক্রিন: ঠোঁটের সুরক্ষায় লিপবাম ব্যবহার করুন। এছাড়া ঘরে বা অফিসে থাকলেও জানালার কাচ ভেদ করে আসা ক্ষতিকর রশ্মি থেকে বাঁচতে দিনের বেলা নিয়মিত সানস্ক্রিন ব্যবহার জরুরি।
আধুনিক জীবনে এসি বর্জন করা কঠিন হলেও সামান্য সচেতনতা এবং সঠিক নিয়মে ত্বকের আর্দ্রতা বজায় রাখার মাধ্যমেই এই গরমেও ত্বককে সুস্থ ও সজীব রাখা সম্ভব।
ডিআর




Comments