Image description

কুমিল্লায় পেশাগত দায়িত্ব পালনকালে তিন টেলিভিশন সাংবাদিক হামলার শিকার হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) বিকেলে জেলার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার শিকার সাংবাদিকরা হলেন—যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার খোকন চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি তানভীর দীপু এবং স্টার নিউজের কুমিল্লা প্রতিনিধি মো. মারুফ। সংবাদ সংগ্রহের কাজে গিয়ে তারা হামলার শিকার হন।

ঘটনার পর কুমিল্লার সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যমকর্মী।

হামলার ঘটনায় কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, কুমিল্লা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাদা এমরান, কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি বাহার রায়হান ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এক বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি বা হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান তারা।

তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা শুধু ব্যক্তির ওপর আক্রমণ নয়; এটি অবাধ তথ্যপ্রবাহ ও স্বাধীন সাংবাদিকতার ওপরও আঘাত। গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব।

সাংবাদিক নেতারা ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানিয়ে বলেন, হামলাকারীদের রাজনৈতিক বা সামাজিক পরিচয় কিংবা প্রভাব বিবেচনা না করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন জেলার সাংবাদিকরা। একই সঙ্গে স্বাধীন সাংবাদিকতায় বাধা সৃষ্টি এবং পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কোনো ধরনের ছাড় না দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এসএস